সুরক্ষিত থাকবে মহিলারা, খুলবে আয়ের দরজাও! মালদহে ‘প্যাডম্যান’-এর ছোঁয়া

একেবারে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ সিনেমার প্রতিচ্ছবি যেন। মালদহে এবার মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এল পঞ্চায়েত। ঋতুস্রাব নিয়ে গ্রাম বাংলার বহু মেয়ের সংকোচ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর করতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হল।
কালিয়াচক দুই ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। পাশাপাশি, তাদের আর্থিক স্বাধীনতা এনে দিতে প্রায় ১০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির ভেন্ডিং মেশিন প্রদান করা হয়েছে। পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। এর ফলে স্থানীয় মহিলারা নিজেরাই ন্যাপকিন তৈরি করে স্বল্প মূল্যে বিক্রি করতে পারবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি পঞ্চায়েতের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই এলাকার পঞ্চায়েতের এমন উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। আগামী দিনে প্রত্যেক এলাকায় এমন উদ্যোগ হলে খুব ভালো হবে।”
আধুনিক যুগে প্রযুক্তির উন্নতি ঘটলেও গ্রাম বাংলার অনেক কুসংস্কারাচ্ছন্ন ধ্যানধারণা এখনও বদলায়নি। তাই মহিলাদের ঋতুস্রাব নিয়ে সচেতন করতে আলিনগর গ্রাম পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের। পঞ্চায়েতের এই পদক্ষেপ মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা যেমন সুনিশ্চিত করবে, তেমনই তাঁদের আর্থিক উন্নয়নেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।