“পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতের অঙ্গ, একদিন ঠিক ফিরে আসবেন” : রাজনাথ

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারা ভারতীয়ই এবং একদিন তারা অবশ্যই ভারতের মূলস্রোতে ফিরে আসবে। একইসাথে তিনি উল্লেখ করেছেন যে, জঙ্গি হামলার প্রতিশোধ নিতে গিয়ে ভারত আরও অনেক কিছু করতে পারত, কিন্তু ‘অপারেশন সিঁদুরের’ সময় সর্বোচ্চ সংযম প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে সিআইআই (CII) বাণিজ্যিক সম্মেলনে রাজনাথ সিং এই মন্তব্য করেন। তিনি বলেন, “পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতের অঙ্গ। আমাদের পূর্ণ বিশ্বাস যে ভাইবোনেরা আজ ভৌগোলিক ও রাজনৈতিক কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন, তাঁরা একদিন ভারতের মূলস্রোতে ফিরে আসবেন।” তিনি আরও যোগ করেন, “ভারত সর্বদা হৃদয়ের সঙ্গে সংযোগকারী কথা বলে। আমরা বিশ্বাস করি যে ভালোবাসা, ঐক্য এবং সত্যের পথে হেঁটে পাক অধিকৃত কাশ্মীর পুনরায় ভারতের অংশ হবে।”
এরপরই রাজনাথ সিং ‘অপারেশন সিঁদুরের’ ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুরের সময় আমাদের দেশের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে।” পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, “সিঁদুরের পর এটা প্রমাণিত যে, যেকোনও শত্রুর বর্ম ভেদ করার ক্ষমতা আছে ভারতের। আমরা আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি।”
প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা তুঙ্গে। তার এই বার্তা ভারতের অখণ্ডতা এবং পাকিস্তানের প্রতি ভারতের দৃঢ় কিন্তু সংযত অবস্থানের প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।