বঙ্গে ঢোকার আগেই তৃণমূলকে তোপ মোদীর, পাল্টা জবাব TMC-র- “পরিযায়ী পাখির গলায় গেরুয়া উত্তরীয়”

‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের পর বাংলায় মোদী: ষোলোর বিধানসভা নির্বাচনের দামামা? তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে
আলিপুরদুয়ার, ২৯ মে ২০২৫: ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ও কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে। তবে বাংলায় আসার আগেই প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে মোদী পোস্ট করেছেন, “তৃণমূলের দুর্নীতি ও ব্যর্থতায় রাজ্যবাসী ক্লান্ত।” একইসাথে তিনি উল্লেখ করেছেন যে, বাংলার মানুষ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রীর এই পোস্টের জবাব এক্স হ্যান্ডেলেই দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে একটি ‘পরিযায়ী’ পাখির ছবি পোস্ট করা হয়েছে, যার গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে কটাক্ষের সুরে পাল্টা বিঁধেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেস পাল্টা প্রশ্ন তুলেছে, কেন বাংলার বকেয়া ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা কেন্দ্র বাকি রেখেছে? প্রধানমন্ত্রীর সফরের আগেই আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছে তৃণমূল।
I will be addressing a BJP West Bengal public meeting in Alipurduar tomorrow afternoon. Over the last decade, the various schemes of the NDA Government have been greatly appreciated by the people of West Bengal. At the same time, they are tired of the corruption and poor…
— Narendra Modi (@narendramodi) May 28, 2025
এ বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে, তখন রাজ্য সরকার পুরোপুরিই কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান-সন্ত্রাসকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন, ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সময়ে পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কী? আমরা এই সময়টা নিয়েই প্রশ্ন তুলছি। বাংলায় প্রচুর ভোটপাখি আসেন। কিন্তু খালি হাতে কেন?”
যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের এই কটাক্ষের জবাবে বলেছেন, “প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, বাংলার মানুষকে বার্তা দিতে আসছেন, এত অনিয়ম থেকে মুক্তি একমাত্র বিজেপিই দিতে পারে।”
অপারেশন সিঁদুরের সাফল্যের পর মোদীর এই বাংলা সফর, এবং তার আগে ও পরে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে এক্স হ্যান্ডেলে এই তরজা বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আজকের আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বাংলার উদ্দেশ্যে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।