সিকিমে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, বায়ুসেনার বিমানঘাঁটি থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় যোগ দেবেন মোদী

“অপারেশন সিঁদুর”-এর পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর আজকের কর্মসূচিতে কিছুটা রদবদল হয়েছে। আবহাওয়ার প্রতিকূলতার কারণে তিনি সরাসরি সিকিমে না গিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সিকিমের একটি সভায় যোগ দিয়েছেন। এরপর তিনি সড়কপথে আলিপুরদুয়ারে জনসভা করতে যাবেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর বিমান বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি বায়ুসেনার ভিআইপি লাউঞ্জে পৌঁছন। প্রধানমন্ত্রীর সিকিম যাওয়ার কথা থাকলেও, ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কম থাকায় তিনি বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের জনসভার জন্য আকাশপথের পরিবর্তে সড়কপথের বিকল্প ভাবা হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই সময়সূচী পরিবর্তন বলে জানা গেছে।

সিকিমের ভার্চুয়াল সভা শেষ করে প্রধানমন্ত্রী মোদী আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন। আলিপুরদুয়ারে এবং কোচবিহারে তাঁর একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। নিজের ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, “গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলার মানুষ। আর একইসঙ্গে সে রাজ্যের মানুষ তৃণমূলের দুর্বল প্রশাসন ও দুর্নীতিতে ক্লান্ত।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর আজকের আলিপুরদুয়ারের সভা থেকে তিনি রাজ্যের দুর্নীতি এবং উন্নয়ন নিয়ে আরও কী বার্তা দেন, সেদিকেই এখন সবার নজর।