“আধার কার্ড, ও সরকারি প্রকল্পের জাল নথি তৈরি!”-বিডিও অফিস চত্বর থেকে গ্রেপ্তার ৪ জন

উত্তর দিনাজপুরের চোপড়া আবারও প্রতারণার হটস্পট হিসেবে খবরের শিরোনামে উঠে এসেছে। বায়োমেট্রিক জালিয়াতি ও ট্যাব কেলেঙ্কারির পর এবার জমির দলিল, আধার কার্ড, জন্ম শংসাপত্র এবং সরকারি প্রকল্পের জাল নথি তৈরির অভিযোগে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হচ্ছে। এই ঘটনায় সোমবার চোপড়া বিডিও অফিস চত্বরের একাধিক অনলাইন ক্যাফেতে হানা দিয়ে আরও চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের দোকান থেকে বেশ কিছু কম্পিউটার, প্রিন্টার এবং নথি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল জমির দলিল জাল করার অভিযোগে চোপড়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসের অস্থায়ী কর্মী ভাস্কর পালকে প্রথম গ্রেপ্তার করা হয়। তার জেরা থেকে তদন্তে আরও বেশ কিছু নাম উঠে আসে। তারই সূত্র ধরে গত ১২ মে পুলিশ অমৃতকুমার সিংহ ওরফে ‘ভিম’ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সোমবার বিকেলে এই চক্রের মূল শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে চোপড়া বিডিও অফিসের সামনে অবস্থিত সমস্ত অনলাইন ক্যাফেতে আকস্মিক হানা দেয় পুলিশ। তিনটি অনলাইন ক্যাফের কম্পিউটারে তল্লাশি চালিয়ে জাল দলিল ও অন্যান্য ভুয়া নথি তৈরির একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিও আশিস কুমার, চোপড়া থানার আইসি সাইমন শেরপা সহ বিশাল পুলিশবাহিনী।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই গোটা চক্রটি সংগঠিতভাবে দীর্ঘদিন ধরেই এই ধরনের প্রতারণামূলক কাজ চালিয়ে আসছিল। এই জালিয়াতির ফলে বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেককে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। এই ঘটনা চোপড়া সহ উত্তর দিনাজপুর জেলার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।