DM-অফিসে মহিলা পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য

তামিলনাডুর নাগাপট্টিনামের জেলা শাসকের কার্যালয়ের ভেতর থেকে এক মহিলা পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই কনস্টেবলের নাম অভিনয়া (২৯)। তিনি মায়িলাদুথুরাই জেলার মানাকুডির বাসিন্দা। রবিবার সকালে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা তাকে গুলি করে হত্যা করল, তা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ২৯ বছর বয়সী কনস্টেবল অভিনয়া নাগাপট্টিনামে জেলা শাসকের অফিসের ভেতরে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিনয়ার সঙ্গে আরও একজন মহিলা কনস্টেবলও ডিউটিতে ছিলেন।
রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎ গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে অন্য পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে অভিনয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার ঘাড়ের বাঁ দিকে গুলি লেগেছিল এবং ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল সিল করে দেয় এবং অভিনয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাগাপট্টিনাম জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে এই ঘটনায় খুনের রহস্য দানা বেঁধেছে। পুলিশ অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ঘটনার ফলে স্থানীয় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।