ফের একফ্রেমে ‘খেলাঘর’ জুটি’, কোন ধারাবাহিকে দেখা যাবে আরেফিন-স্বীকৃতি মজুমদারকে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’-এর দর্শকপ্রিয় জুটি সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদারকে আবারও এক ফ্রেমে দেখতে পাওয়ার অপেক্ষার অবসান হতে চলেছে। যদিও নতুন কোনো ধারাবাহিকে নয়, সান বাংলার চলমান মেগা ‘পুতুল টিটিপি’-এর জামাইষষ্ঠী স্পেশাল পর্বে বিশেষ অতিথি হিসেবে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

‘খেলাঘর’ ধারাবাহিকের হাত ধরে আরেফিন ও স্বীকৃতির জুটি ছোটপর্দায় দারুণ হিট হয়েছিল। এরপর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি, যা অনুরাগীদের মধ্যে আক্ষেপ তৈরি করেছিল। এবার সেই আক্ষেপ মেটাতে আসছেন তাঁরা।

জানা গেছে, সান বাংলার ধারাবাহিক ‘পুতুল টিটিপি’তে আসছে জামাইষষ্ঠী উপলক্ষে একটি বিশেষ পর্ব। সেখানেই স্বীকৃতি মজুমদারকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। ইতিমধ্যেই এই বিশেষ প্রোমোটির শুটিং সেরেছেন অভিনেত্রী। ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে ‘পুতুল’ এবং ‘ময়ূখ’-এর ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীর বিশেষ পর্বে ‘পুতুল’ যখন বিপাকে পড়বে, তখন তার পাশে দাঁড়াতেই হাজির হবেন স্বীকৃতি। তাঁর সঙ্গে যোগ দেবেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও।

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমেই অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন স্বীকৃতি মজুমদার। এরপর তিনি ধীরে ধীরে সিরিজ ও ছবির জগতেও নিজের জায়গা পাকা করেছেন। সম্প্রতি তাঁকে ‘দ্য কেন: বেনারসে বিভীষিকা’য় দেখা গেছে। আগামীতে মৈনাক ভৌমিকের ‘বিষণ্ণ’ ছবিতেও দেখা যাবে স্বীকৃতিকে। অন্যদিকে, সৈয়দ আরেফিন বর্তমানে একের পর এক ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করছেন।

পুরনো ধারাবাহিকে হলেও, দীর্ঘ বিরতির পর সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদারকে আবারও একসঙ্গে ছোটপর্দায় দেখতে পাওয়ার জন্য দর্শক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।