আপনি জানেন কি, হৃতিক রোশন আংশিক বাঙালি?

হৃতিক রোশনকে বলিউডের ‘গ্রিক গড’ বলা হয়। সেই ডেবিউ ছবি থেকে হৃতিক প্রেমে পাগল তার ভক্তরা। দেশে-বিদেশে ছড়িয়ে আছে তার ভক্ত। অভিনেতার নতুন ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেই আনন্দে মাতামাতি শুরু হয়ে যায় চারিদিকে। চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’র টিজার। সিনেমায় তাকে দেখা যাবে সাইফ আলি খানের সঙ্গে। প্রথম দর্শনেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে একথা অনেকেই জানেন না, বাঙালি সংযোগ রয়েছে হৃতিক রোশনের। তাই অভিনেতাকে হাফ বাঙালি বলা যেতেই পারে। হৃতিক রোশনের দাদি ইরা ছিলেন বাঙালি। বিয়ে করেছিলেন সঙ্গীতজ্ঞ রোশন লাল নাগরাথকে। তিনি ছিলেন পাঞ্জাবি। আর সেই সূত্রেই হৃতিককে বাংলার ছেলে বলা যেতেই পারে!

আর সেই বাংলা সংযোগের জেরেই হয়তো রসগোল্লা খেতে খুব ভালোবাসেন। তাই যখনই কলকাতা যান, নিজের এই প্রিয় খাবারের স্বাদ নেওয়ার কোনো সুযোগই ছাড়েন না হৃতিক।

অভিনেতার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ছিল ২০০০ সালে কলকাতাতেই। দাদির ইচ্ছেপূরণ করতে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি তিলোত্তমায়।

মাঝে হৃতিকের ছবি ‘বিক্রম বেদা’ বয়কটের ডাক উঠেছিল। আসলে সোশ্যাল মিডিয়ায় ‘লাল সিং চাড্ডা’ ও আমিরের ঢালাও প্রশংসা করেন হৃতিক। এমনকি আমিরের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও লেখেন। আর তাতেই চটে বয়কট আমির ট্রেন্ডে যারা যোগ দিয়েছেন। আর তাই যে সকল সোশ্যাল মিডিয়া ইউজার ‘বয়কট লাল সিং চাড্ডা’ রব তুলেছিল, এবার তাদের মুখেই ‘বিক্রম বেদা’কে বয়কটের ডাক।

ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সাইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। ১ মিনিট ৫৪ সেকেন্ডের টিজার এসেছে আপাতত সামনে। পুরো টিজারজুড়েই রয়েছে থ্রিলার, রোমাঞ্চ এবং অ্যাকশান। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *