“এখনও বিশ্বাস হচ্ছে না…”-দীপিকার পরিবর্তে প্রভাসের সিনেমায় সুযোগ পেলেন তৃপ্তি দিমরি

প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর জল্পনা জোরদার হওয়ার পর, অবশেষে নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ। ‘অ্যানিম্যাল’ এবং ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার এই ছবিতে এবার মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।

শনিবার নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে ‘স্পিরিট’-এ তার উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি দিমরি। তিনি লিখেছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না… এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গর্বিত।” পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় তৃপ্তিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিশিয়ালি ঘোষিত।”

এই প্রথমবার প্রভাস এবং তৃপ্তি দিমরি একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন। তাদের এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। একই সাথে, এটি তৃপ্তি দিমরির দ্বিতীয় ছবি পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি বাঙ্গার সঙ্গে। এর আগে তারা একসঙ্গে সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এ কাজ করেছেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তির ছোট কিন্তু নজরকাড়া উপস্থিতি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছে।

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রীর কিছু শর্ত ছিল, যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি নির্দিষ্ট শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। সদ্য মা হওয়া দীপিকা এখন নাকি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেই কম সময় কাজ করতে চাইছেন। আর সেই কারণেই তিনি এই প্রকল্প থেকে সরে আসেন বলে গুঞ্জন রয়েছে।

‘স্পিরিট’ ছবিটি ২০২৫ সালে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। এই ছবিতে প্রভাসকে একজন কঠোর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তি ছবিটির কাস্টিংকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।