ঠিকানা নিয়ে ঝামেলা, বাড়িতে জিনিস দিতে এসে বেধড়ক মার! সিসিটিভি ফুটেজে ভাইরাল ভয়াবহ দৃশ্য

এক উদ্বেগজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। ডেলিভারি দিতে এসে এক গ্রাহককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। এমনকি ডেলিভারি বয়ের মারে মাথা ফেটে যাওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটেছে। জানা গিয়েছে, ঠিকানা ভুল হওয়ার কারণে ডেলিভারি বয় এবং গ্রাহকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য, যেখানে অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রাহকের উপর চড়াও হতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ফুটেজে স্পষ্ট দেখা যায়, ডেলিভারি বয় সজোরে চড় ও ঘুষি মারছেন শশাঙ্ক নামের ওই গ্রাহককে। পরিবারের সদস্যরা এগিয়ে এসে ডেলিভারি বয়কে থামানোর চেষ্টা করলেও তিনি কর্ণপাত করেননি, বরং তার আক্রমণ আরও বাড়িয়ে দেন। প্রাথমিকভাবে, একজন মহিলাকে ডেলিভারি বয়ের সাথে কথা বলতে দেখা যায়। এরপর শশাঙ্ক এগিয়ে এলে পার্সেলটি নেওয়ার পরেই বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই তা মারামারিতে রূপ নেয়।

ঘটনার পর শশাঙ্ক ডেলিভারি বয়ের টু-হুইলারের নম্বর প্লেটের ছবি তুলে রাখেন। সেই সময় অন্য একজন মহিলা এসে তার কাছ থেকে ফোনটি নিয়ে নেন। এরপর ডেলিভারি বয় ক্ষিপ্ত হয়ে শশাঙ্ককে পরপর সাতটি ঘুষি মারেন। পরিবারের সদস্যদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি থামেননি।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে, জেপ্টো নামক ওই অনলাইন ডেলিভারি সংস্থা টুইটারে ক্ষমা চেয়েছে। তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভুক্তভোগীকে সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছে। ইনস্টাগ্রামেও তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

আক্রমণের শিকার শশাঙ্ক জানিয়েছেন যে, এই ঘটনায় তার মাথা ফেটে গেছে এবং চোখের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছে। এমনকি, এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ না হলে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন।

ইতিমধ্যে, বাসবেশ্বর নগর থানায় অভিযুক্ত ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।