‘A’-র বদলে ‘B’ গ্রুপের রক্তদান, ভুল চিকিৎসায় হাসপাতালে মৃত ১ গর্ভবতী

রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে ২৩ বছর বয়সী এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, তাকে ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে, যার ফলেই তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘটে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই মহিলার অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। এই ঘটনায় জয়পুরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, গত ১২ মে রাজস্থানের টঙ্ক জেলার বাসিন্দা ওই প্রসূতিকে বেশ কিছু শারীরিক জটিলতার কারণে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। তার হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছিল। হাসপাতাল থেকে জানানো হয়, দ্রুত তাকে রক্ত দিতে হবে। সেই কারণে তার রক্তের নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্টে আসে, তরুণীর রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’। কিন্তু পরিবারের দাবি, তাদের জানামতে তরুণীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজিটিভ’।

পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে তাকে ‘বি পজিটিভ’ রক্ত দেওয়ার পরেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রবল জ্বরের সঙ্গে তীব্র খিঁচুনি হয় ওই তরুণীর, এমনকি হৃদকম্পনও বেড়ে যায়। এর পরেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির দিকে আঙুল তুলছে।

হাসপাতালের চিকিৎসক স্বাতী শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “আমি ছুটিতে ছিলাম। আমাকে জানানো হয় যে রক্তদানের পরে ওই তরুণীর নানা রকম শারীরিক জটিলতা দেখা দিয়েছে।” হাসপাতালের অধ্যক্ষ দীপক মাহেশ্বরী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই মহিলা আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে রক্ত দেওয়ার সময়ে কোনো গাফিলতি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।”

এই ঘটনায় একদিকে যেমন শোকাহত পরিবার সুবিচারের দাবি জানাচ্ছে, তেমনি অন্যদিকে হাসপাতালের চিকিৎসা পদ্ধতি এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবার এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই মৃত্যুর আসল কারণ এবং কোনো গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।