OMG! ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে প্রাক্তন স্বামীকে পাঠাল লিভ-ইন পার্টনার, ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

সম্পর্ককে পরিণতি দিতে চাওয়াই কাল হলো এক তরুণীর। বিয়ের প্রস্তাব দেওয়ায় তার ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। এমনকি, তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও সেই ছবি পাঠিয়ে দেওয়ার পর নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম পার্থ দাস, আনুমানিক ৩৫ বছর বয়স। পেশায় ফটোগ্রাফার পার্থকে হালতু এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, পার্থ দাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা বাড়ে এবং পরবর্তীতে তারা একসঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। যদিও পার্থ ওই বাড়িতে রাতে থাকতেন না।
অভিযোগকারিণী তরুণী জানান, তাদের শারীরিক সম্পর্কের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পার্থ তুলে রেখেছিল। সম্প্রতি তিনি যখন এই ঘনিষ্ঠ সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাওয়ার কথা বলেন, তখন পার্থ তাকে এড়াতে গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। শুধু তাই নয়, তরুণীর প্রাক্তন স্বামীর কাছে সেই সমস্ত ছবি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে বলেও তিনি দাবি করেছেন।
এছাড়াও, তরুণী অভিযোগ করেছেন যে পার্থ তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকাও নিয়েছে। সেই টাকা চাইতে গেলে অশান্তি আরও চরমে ওঠে। পরিস্থিতি সহ্যের বাইরে গেলে তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পার্থকে গ্রেফতার করে। যদিও অভিযুক্ত যুবক তরুণীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, পার্থ দাসকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।