৭০ বছর বয়সী গোবিন্দকে নিয়ে প্রেম গুঞ্জন, ৩০ এর শিবাঙ্গীর সঙ্গে মাখোমাখো সম্পর্ক

বয়সে ছোট নারীর প্রতি আকর্ষণ নতুন কিছু নয়। তবে ৭০ বছর বয়সে এসে ৩০ বছর বয়সী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাওয়াটা বেশ আলোচনার বিষয়। বলিপাড়ায় সম্প্রতি এই গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে অভিনেতা গোবিন্দ নামদেব এবং অভিনেত্রী শিবাঙ্গী বর্মার সম্পর্ক নিয়ে।

গত বছরের শেষের দিকে বলিপাড়ায় এই দুই তারকার মন দেওয়া-নেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তাঁদের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখে এক নেটিজেন লিখেছিলেন, “কবে বিয়ে করছেন?” আরেক নেটিজেন তো রীতিমতো ব্যঙ্গ করে গোবিন্দ-শিবাঙ্গীকে উদ্দেশ করে লিখেছেন, “টাকাই সব। টাকা থাকলে না কেউ বয়স দেখে, না আর কোনো সীমা।”

যদিও শিবাঙ্গী তাঁদের প্রেমের গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁরা একটি কমেডি ছবিতে একসঙ্গে কাজ করছেন এবং পর্দার বাইরে তাঁদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, “এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম। চরিত্রটি আমার ব্যক্তিত্বের একেবারে উল্টো। তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। চরিত্রটা বুঝতে টিম, পরিচালক এবং লেখকের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।”

উল্লেখ্য, ‘শোলা অউর শবনম’ ছবি দিয়ে রূপালি পর্দায় পা রাখেন ৭০ বছর বয়সী গোবিন্দ নামদেব। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে ‘রাজত্ব’ করছেন তিনি। নিজেকে কখনও নির্দিষ্ট চরিত্রের মধ্যে বেঁধে রাখেননি এবং নিত্যনতুন চরিত্রে অভিনয় করেছেন। তবে পরিচিতি পেয়েছেন খলনায়ক হিসেবেই। এবার এই কম বয়সী নায়িকার সঙ্গে কমেডি ছবিতে তিনি কতটা দর্শকের মন জয় করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।