বড় নাশকতার ছক কষেছিল? দিল্লিতে পাক গুপ্তচর গ্রেপ্তার

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক এজেন্টকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালি বংশোদ্ভূত আনসারুল মিয়া আনসারি নামের ওই ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির সন্দেহে ধরা হয়েছে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার আগেই ভারতে বড় ধরনের নাশকতার ছক কষেছিল আইএসআই। আর সেই নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আনসারুলকে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, আনসারুল পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিল এবং ফের পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তার আগেই দিল্লি পুলিশ তাকে একটি গোপন অভিযানে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, জানুয়ারি ২০২৫ সাল থেকে তারা এই বিষয়ে গোপনে তদন্ত চালাচ্ছিল। অবশেষে দিল্লির একটি হোটেল থেকে আনসারুলকে গ্রেপ্তার করা হয়।

সূত্রের আরও খবর, ধৃত আনসারুল আগে কাতারে ট্যাক্সি চালাত। সেখানেই আইএসআই-এর এক এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়। এরপর আনসারুলকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, যেখানে আইএসআই-এর উচ্চপদস্থ আধিকারিকরা তাকে বেশ কয়েক দিন ধরে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে তাকে নেপাল হয়ে দিল্লিতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহেই হরিয়ানার জ্যোতি মালহোত্রা নামে আরও একজনকে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ ও আইবি যৌথভাবে সেই ঘটনার তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, জ্যোতির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। জেরায় জ্যোতি স্বীকার করেছেন যে পাকিস্তানের আইএসআই এজেন্টদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি দেশবিরোধী তথ্য পাচার করতেন। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে সে তাদের সঙ্গে যোগাযোগ রাখত বলে জানা গেছে। এই দুটি ঘটনাতেই পাক গুপ্তচর সংস্থার ভারতে নাশকতার ছক স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা।