২২ মিনিটে পাকিস্তানের ৯টি ঘাঁটি গুঁড়িয়েছে ভারত! বিকানের থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির

রাজস্থানের বিকানের থেকে ফের একবার পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ভারতকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে তার চরম মূল্য দিতে হবে বলে ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দেন তিনি। এমনকি, প্রধানমন্ত্রী দাবি করেন, “ভারত মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানের নয়টি প্রধান ঘাঁটি ধ্বংস করেছে।”

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারত যে পাল্টা পদক্ষেপ করেছে, তা এদিন স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। বিকানেরের এক জনসভায় মোদি বলেন, “বিশ্ব এবং দেশের শত্রুরা দেখেছে, সিঁদুরের যখন বারুদে পরিণত হয়, তখন কী হয়।” পহেলগাঁও হামলার পর দেশের সংকল্পের কথা স্মরণ করিয়ে মোদি বলেন, “২২ এপ্রিল সন্ত্রাসীরা আমাদের বোনেদের কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ধর্ম জিজ্ঞাসা করার পর। গুলি পহেলগাঁওয়ে চললেও, ১৪০ কোটি ভারতীয় সেই যন্ত্রণা অনুভব করেছিল।”

জাতীয় সংবেদনশীলতার উপর জোর দিয়ে মোদি বলেন, “প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সংকল্প করেছিল, আমরা সন্ত্রাসীদের ধূলিসাৎ করব এবং তাদের অকল্পনীয় শাস্তি দেব। আর তা আমরা দিয়েছি।” ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “যে পাকিস্তান-পোষিত জঙ্গিরা আমাদের মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী।”

বৃহস্পতিবার অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক রেলওয়ে স্টেশনের পরিকাঠামো উদ্বোধন করতে বিকানেরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন তিনি। ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এই স্টেশনগুলি ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে।