পাকিস্তানের বিরুদ্ধে ফের পদক্ষেপ কেন্দ্রের, আরও এক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ

ফের পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারত। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত আরও এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অভিযোগ, ভারতে নিযুক্ত ওই পাক কর্তা তাঁর সরকারি মর্যাদা অনুযায়ী আচরণ করছিলেন না। সরকারি আদেশ অনুযায়ী, অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি ত্যাগ করতে হবে।
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “দিল্লিতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের একজন আধিকারিককে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে। সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ তিনি করছিলেন না। সেজন্য এই সিদ্ধান্ত। ওই ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
বুধবার পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে (Charge d’Affaires) তলব করা হয় এবং তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি কূটনৈতিক প্রতিবাদ পত্র। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ভারতে নিয়োজিত কোনো পাকিস্তানি কূটনীতিক যেন তাঁর সুযোগ-সুবিধা এবং মর্যাদার অপব্যবহার না করেন।
প্রসঙ্গত, ‘পার্সোনা নন গ্রাটা’ (Persona non grata) এমন একটি কূটনৈতিক পরিস্থিতি যেখানে যে কোনো বিদেশি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়ে থাকে। এটি লাগু হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়। কূটনৈতিক স্তরে ‘পার্সোনা নন গ্রাটা’-কে একটি কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখযোগ্য, গত আট দিন আগেও এক পাকিস্তানি আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ভারতের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আদৌ স্বাভাবিক নয়। সম্প্রতি পহেলগাঁওয়ে হামলার পাল্টা হিসেবে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলোতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। সেই অভিযানে ১০০-র বেশি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এরপর ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা, তবে ভারত তার যোগ্য জবাব দেয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে আরও একজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।