সুখবর! চাষিদের ১৫৮ কোটি টাকা দিচ্ছে রাজ্য, সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা!

প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি রবি মরসুমে আলু চাষে ক্ষতিগ্রস্ত রাজ্যের এক লক্ষেরও বেশি কৃষককে স্বস্তি দিতে এগিয়ে এলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় এই আলুচাষিদের ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় এই সুখবরটি জানিয়েছেন। তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় বাংলার ১ লক্ষেরও বেশি আলুচাষীকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৫৮ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল। আমি বাংলার সকল কৃষক ও তাঁদের পরিবার-পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন।”

চলতি রবি মরসুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেক আলুচাষি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। ফলন ভালো না হওয়ায় তাঁরা আর্থিক সংকটে পড়েছিলেন। রাজ্য সরকারের এই তাৎক্ষণিক আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকটাই সুরাহা দেবে বলে আশা করা হচ্ছে। ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি পূরণে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট রয়েছে এবং এই পদক্ষেপ তার আরও একটি প্রমাণ।