Weather: বর্ষার আসার আগেই টানা ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা, জেনেনিন কবে-কোন কোন জেলায়?

বর্ষা আসার আগেই দুর্যোগের ঘনঘটা বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কিছু জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ২৭ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোনো কোনো জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
ভারী বৃষ্টির সতর্কতা:
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এই সময় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার আগমনী বার্তা:
এ বছর সময়ের আগেই বর্ষা দেশের স্থলভাগে প্রবেশ করতে চলেছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিনের মধ্যেই কেরলে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে, যা নির্ধারিত সময়ের অনেকটা আগেই।
বাংলায় কি আগে আসবে বর্ষা?
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কেরলে আগে বর্ষা ঢুকলেই যে বাংলাতেও আগে বর্ষা আসবে, তার কোনো যোগ নেই। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে, তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে প্রথম বর্ষা পা রাখে, যেখানে স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এবার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা, সেদিকেই নজর রাখছে সংশ্লিষ্ট মহল।
তাপমাত্রার পূর্বাভাস:
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না।