যুক্তরাষ্ট্রের সুরক্ষায় ‘গোল্ডেন ডোম’! ট্রাম্পের বিরাট ঘোষণা, ১৭৫ বিলিয়ন ডলার খরচ

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক বিশাল প্রকল্পের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এমনকি মহাকাশ থেকেও আসা ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য ‘গোল্ডেন ডোম’ নামে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ডেন ডোম’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। ট্রাম্প জানিয়েছেন, “নির্বাচনের সময়েই দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রকল্প শুরু করা হবে। যেকোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে ‘গোল্ডেন ডোম’। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, তার কাজ শুরু হয়ে গেছে।”

ট্রাম্প আরও জানিয়েছেন যে, ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের জন্য মোট ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে, যার প্রথম ধাপেই ২৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে। আগামী তিন বছরের মধ্যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল মাইকেল গেটলিনকে ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের তত্ত্বাবধায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রকল্পের লক্ষ্য হলো, জল, স্থল বা আকাশ থেকে ছোড়া যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অন্যান্য ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করতে না দেওয়া। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী কয়েক বছর পর ‘গোল্ডেন ডোম’ যুক্তরাষ্ট্রকে যেকোনো সময়, যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা থেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম হবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন বলে মনে করা হচ্ছে।