দৃষ্টিহীন হওয়া সত্তে, বছর ২৯-এ এভারেস্ট এর চূড়া জয় করলেন হিমাচলের ছোনজিন

ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত! হিমাচল প্রদেশের কোননুরের ২৯ বছর বয়সী ছোনজিন আংমো, একজন দৃষ্টিহীন মহিলা হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আজ সকাল ৮টা ৩৪ মিনিটে আংমো এভারেস্টের চূড়ায় পা রেখে এই অসাধারণ কীর্তি স্থাপন করেন।
মাত্র আট বছর বয়সেই ওষুধের প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারান আংমো। তবে এই শারীরিক প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নকে আটকাতে পারেনি। বিশেষ পদ্ধতিতে পড়াশোনা এবং খেলাধুলার পাশাপাশি ছোটবেলা থেকেই তাঁর পাহাড় চড়ার নেশা ছিল। এরপর তিনি একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিং শুরু করেন।
এভারেস্ট জয়ের আগে, আংমো নেপালের ৬০০০ মিটার উচ্চতার লবুচে শৃঙ্গ জয় করেছেন এবং এভারেস্ট বেসক্যাম্প ট্রেকিং-সহ বেশ কয়েকটি ছোট শৃঙ্গ আরোহণ করেছেন। তবে এভারেস্ট জয় তাঁর সব অর্জনকে ছাপিয়ে গেছে। তবুও আংমো দাবি করেন যে তিনি ছোট থেকে বড় হতে শিখেছেন এবং শৈশবের সেই শিক্ষা ভুলতে চান না।
এভারেস্ট অভিযানের শুরুতে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন – নারী শক্তির উত্থান এবং প্রতিবন্ধকতাকে জয় করতেই তাঁর এই এভারেস্ট অভিযান। ছোনজিন আংমোর এই অদম্য স্পৃহা এবং সাফল্য সারা বিশ্বের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে, যা প্রমাণ করে যে দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই বড় নয়।