‘জঙ্গিদের কি নিকেশ করতে পেরেছে সেনা? নাকি পাকিস্তানে পালিয়ে গিয়েছে?’ : অভিষেক ব্যানার্জী

পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোমবার সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের বিদেশসচিব বিক্রম মিস্রি। ভারত-পাক উত্তেজনা এবং পরবর্তীতে সংঘর্ষ বিরতির পথে হাঁটা, প্রতিটি বিষয়েই তিনি সংসদীয় কমিটির সদস্যদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এই বৈঠকে শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৈঠকে পহেলগাঁও হামলা নিয়ে বিদেশসচিব বিক্রম মিস্রি যখন ‘অপারেশন সিঁদুরে’র কৃতিত্ব ব্যাখ্যা করছিলেন, ঠিক তখনই কৌশলী প্রশ্ন ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, “পহেলগাঁওয়ে ওই চার জঙ্গি কীভাবে ঢুকল? তাদের কি নিকেশ করতে পেরেছে সেনা? যদি না করতে পারে, তাহলে তারা এখন কোথায় রয়েছে, সেই নিয়ে সরকারের কাছে কি কোনও তথ্য আছে? নাকি একেবারে পাকিস্তানেই পালিয়ে গিয়েছে ওই জঙ্গিরা?”

তবে, তৃণমূলের সাংসদের এই একটি প্রশ্নেরও উত্তর দেননি বিদেশসচিব। পহেলগাঁও হামলার পর থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছিল বিরোধী তৃণমূল। সন্ত্রাস দমনের ক্ষেত্রে বদলা নিতে হবে, সেই পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ঘাসফুল শিবির। বদলা নেওয়া হয়েছে এবং একাধিক পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পহেলগাঁওয়ে হামলা চালানো সেই TRF জঙ্গিদের নিয়ে কোনও তথ্য কেন্দ্র দেয়নি। এবার সেই প্রসঙ্গেই প্রশ্ন তুলে দিলেন অভিষেক, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সোমবারের সংসদীয় বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ মে, ট্রাম্প তাঁর এক্স (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে দাবি করেছিলেন যে, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে। ট্রাম্প যখন এই ঘোষণা করেন, তখনও এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্টের এভাবে ‘নাক গলানো’ নিয়ে দেশের বিরোধী শিবির ক্ষোভ প্রকাশ করেছিল। তবে, সোমবার বিদেশসচিব বিক্রম মিস্রি স্পষ্ট জানিয়েছেন যে, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের কোনও ভূমিকা ছিল না।