নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-মারুতি সংঘর্ষে ৬ জনের মৃত্যু

নদীয়ার করিমপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে একটি যাত্রীবাহী বাস এবং একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর থেকে একটি যাত্রীবাহী বাস করিমপুরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে বাসের সজোরে ধাক্কা লাগে। মারুতি ভ্যানটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তায় রক্তারক্তি অবস্থা এবং মারুতির যাত্রীরা এদিক-সেদিক ছিটকে পড়ে রয়েছেন।

খবর পেয়ে করিমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা ও বাসযাত্রীদের সহায়তায় আহতদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সকলেই মারুতি ভ্যানের যাত্রী ছিলেন। অন্য একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাসটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা মেঘলাল বিশ্বাস জানান, “সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি দ্রুতগতিতে ছুটছিল এবং সেইসময় মারুতি ভ্যানকে ধাক্কা মারে।” তবে নিহতরা কোথাকার বাসিন্দা, তা এখনও জানা যায়নি। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।