ভারত-পাক সংঘর্ষ বিরতিতে মার্কিন ভূমিকা নেই! মুখ চুন ট্রাম্পের, বিরতির সত্যতা জানালেন বিক্রম মিস্রি

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ বাড়িয়ে কৃতিত্ব নেওয়ার বিষয়টি নয়াদিল্লি যে মোটেই ভালোভাবে নেয়নি, তা আবারও স্পষ্ট করে দিল ভারত। মার্কিন প্রেসিডেন্টের একাধিক দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়ে দিয়েছেন, এই সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো মধ্যস্থতা ছিল না, বরং এটি দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার ফল।
ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছিলেন যে, আমেরিকার মধ্যস্থতায় সারা রাত আলোচনার পরেই নাকি ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়। এমনকি তিনি এও বলেছিলেন, বাণিজ্য বন্ধ করার কথা বলতেই নাকি দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল। এই বিষয়ে ভারত কেন নীরব ছিল, সেই প্রশ্ন সোমবার সংসদীয় কমিটির বৈঠকে তোলেন এক সদস্য।
জবাবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্টভাবে জানান, ভারত-পাক সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের, বিশেষ করে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, “১০ মে দুই দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) কথা বলে সংঘর্ষ বিরতিতে রাজি হয়।” তিনি আরও জানান, ভারত এবং পাকিস্তানের সংঘাত ‘কনভেনশনাল ওয়ারফেয়ার’এর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং কোনো পরমাণু যুদ্ধের হুমকি ছিল না।
বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা পাকিস্তান কর্তৃক চীনের তৈরি যুদ্ধের সরঞ্জাম ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে বিদেশ সচিব দৃঢ়তার সঙ্গে বলেন, “পাকিস্তান কী ব্যবহার করেছে সেটা বড় কথা নয়। ভারত তাদের এয়ারবেসে বড়সড় আঘাত হানতে পেরেছে। এটাই বড় ব্যাপার।” এর মধ্য দিয়ে মিস্রি ভারতের সামরিক সক্ষমতার ওপর জোর দেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্যকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছিল যে, ভারত আগেভাগেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানকে সতর্ক করেছিল। এই প্রসঙ্গে প্রশ্ন উঠলে বিক্রম মিস্রি বলেন, জয়শঙ্করের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করেন যে, এস জয়শঙ্কর বলেছিলেন, ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম দফার পর নয়াদিল্লি ইসলামাবাদকে জানিয়েছিল যে, হামলা শুধুমাত্র পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলির উপরেই করা হয়েছে।
এই মন্তব্যের মধ্য দিয়ে ভারত স্পষ্ট বার্তা দিল যে, নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবং দ্বিপাক্ষিক আলোচনায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না।