ভয়াবহ সড়ক দুর্ঘটনা! গাছে পিষল গাড়ি, চোখের পলকে শেষ ৫ জন

বৃহস্পতিবার সকালে নদীয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো। একটি যাত্রীবাহী বাস ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসটিরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কৃষ্ণনগর থেকে একটি বাস করিমপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল একটি মারুতি ভ্যান। কাঁঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকা পাঁচজন যাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
সাতসকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যদিও মারুতির ভেতর আটকে থাকা যাত্রীদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত খবর পেয়ে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজের জন্য দমকল বাহিনীও ঘটনাস্থলে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, মারুতি ভ্যানে থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে। আহত বাসযাত্রীদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাসটি কি খুব দ্রুতগতিতে চলছিল? চালক কি মদ্যপ অবস্থায় ছিলেন? নাকি তার ঘুমে চোখ লেগে গিয়েছিল? এমন নানা প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। পুলিশ তাকে খুঁজছে।