প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম সিদ্ধান্ত কলেজ ছাত্রের, ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বি টেক সৌরভের

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম সিদ্ধান্ত! রাজারহাটে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। বি টেক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজারহাটের ঝাউতলা এলাকায়।

মৃত ছাত্রের নাম সৌরভ সুমন। তার বাড়ি বিহারের ভাগলপুরে। সে বারাসতে একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়রিং পড়ছিলেন এবং রাজারহাটের ঝাউতলায় তিরুপতি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।

সূত্র থেকে জানা গিয়েছে, শনিবার কলেজ ফেস্টে যাওয়ার কথা ছিল সৌরভের। বিকাল ৪টে নাগাদ তার এক বন্ধু ও এক বান্ধবী তাকে নিতে ঝাউতলার ফ্ল্যাটে আসেন। কিন্তু, সৌরভ ফেস্টে যেতে রাজি হননি, বন্ধুদের জানান তিনি জিমে যাবেন। এরই মধ্যে রাত ৯টা নাগাদ এক বন্ধুকেও ফোন করে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। কিন্তু, তখনও তার পরিচিত বা বন্ধুরা কেউ টের পাননি যে কিছু সময়ের মধ্যেই তিনি কী করতে চলেছেন।

এর কিছু সময়ের মধ্যেই সৌরভ সুমন ওই শ্রীরাম ক্লাব টাউনের ভিতরে ঢুকে ছাদে গিয়ে ঝাঁপ দেয় বলে জানা যায়। ছাদ থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। তারাই দ্রুত তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তারা সৌরভের বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কজনিত কোনও সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ছিলেন ওই যুবক। শেষ পর্যন্ত প্রেমে প্রত্যাখ্যাত হয়েই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।

রাজারহাটের এই ঘটনা স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।