“এটা কি ক্যাফে নাকি পার্ক!”-উড়ালপুলে সান্ধ্য আড্ডা বন্ধে কড়া পদক্ষেপ পুলিশের

দারুণ ব্যাকড্রপ, উপরে উঠলে শহরের টপ ভিউ আর ফুরফুরে হাওয়া – পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোডে সদ্য উদ্বোধন হওয়া কুবাই উড়ালপুল এখন স্থানীয় তরুণ-তরুণীদের কাছে এমনই এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। মনোরম পরিবেশের টানে বিকেল গড়াতেই এই উড়ালপুলের উপর জমে উঠছে প্রেম থেকে মজলিশ, চলছে দেদার সেলফি ও ফটোশুটের পালাও। কিন্তু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই উড়ালপুলের উপর যানবাহন যাতায়াতের বদলে এমন অবৈধ আড্ডা জ়োন তৈরি হওয়ায় নাজেহাল পুলিশ প্রশাসন। দুর্ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এবার কড়া পদক্ষেপ হিসেবে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে।
চন্দ্রকোনারোডের কুবাই নদীর উপর নির্মিত এই ঝাঁ চকচকে উড়ালপুলটি ৬০নং জাতীয় সড়কের অংশ। প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ২.৮ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলটি গত ২২ এপ্রিল মেদিনীপুর শহরের প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর থেকেই এটি স্থানীয় যুবক-যুবতীদের কাছে বৈকালিক ও সান্ধ্যকালীন আড্ডার স্থল হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মনোরম দৃশ্য এবং সুন্দর আবহাওয়ার জন্য এখানে ভিড় জমাচ্ছেন অনেকে।
তবে এই প্রবণতা দ্রুত উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। ব্যস্ততম জাতীয় সড়কের উপর নির্মিত এই উড়ালপুলে যানবাহনের অবাধ গতির মধ্যে এভাবে আড্ডা দেওয়া বা ছবি তোলা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। বারবার সতর্ক করা সত্ত্বেও যুবক-যুবতী বা কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উড়ালপুলের উপর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চন্দ্রকোনা রোড ফাঁড়ির কর্তব্যরত পুলিশকর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চন্দ্রকোনারোডের ট্রাফিক পুলিশ এবার কড়া পদক্ষেপ হিসেবে জরিমানা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধভাবে উড়ালপুলের উপর ঘোরাফেরা, আড্ডা দেওয়া বা ছবি তুলতে দেখলেই এবার মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই প্রক্রিয়া শনিবার সন্ধ্যা থেকে শুরুও হয়ে গেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিমানার অঙ্ক ধার্য করা হয়েছে ১ হাজার টাকা। অবৈধ আড্ডা জোনকে দ্রুত ট্রাফিক জ়োনে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকেই পুলিশ উড়ালপুলের উপর নজরদারি চালাচ্ছিল এবং প্রায় ২০ জন বাইক আরোহীকে উড়ালপুলের উপর আড্ডা দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপের পাশাপাশি আগামীদিনে এই ধরনের কার্যকলাপের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ প্রশাসন।
গড়বেতা থানার অধীন চন্দ্রকোনারোড পুলিশ ফাঁড়ির আধিকারিকরা এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন, “৬০নং জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত বহু সংখ্যক গাড়ি-ঘোড়া দ্রুত গতিতে চলাচল করে। এই উড়ালপুলে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়াও ছেলেমেয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজের একেবারে সাইডে গিয়ে যেভাবে ছবি তুলছে, তাতেও বড় বিপদ হতে পারে। তাই মানুষের সুরক্ষার কথা ভেবেই আমরা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।” পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে উড়ালপুলের উপর ভিড় না করার এবং সেখানে আড্ডা বা সেলফি তুলে বিপদ ডেকে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তথ্যসূত্র ও ছবি: এই সময়