ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া আলাদা হয়ে গেছেন? বড় দাবি ট্রাম্পকে নিয়ে একাধিক বই লেখা সাংবাদিকের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সাংবাদিক এবং লেখক মাইকেল উলফ সম্প্রতি দাবি করেছেন যে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প আলাদা জীবনযাপন করছেন। তাঁর এই দাবির প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
একটি পডকাস্টে আলোচনা করার সময় মাইকেল উলফ ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ২০ জানুয়ারি শুরু হওয়ার পর থেকে মেলানিয়া হোয়াইট হাউজে মাত্র দুই সপ্তাহেরও কম সময় কাটিয়েছেন। উলফ দাবি করেন, প্রাপ্ত প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে তারা প্রচলিত অর্থে আর দাম্পত্য সম্পর্কে নেই। তিনি বলেন, “আমরা বিয়েকে যেভাবে সংজ্ঞায়িত করি সেভাবে তো তাঁরা সম্পর্কে নেই। এবার এটাকে যদি আমরা অন্যভাবে বলি- তাঁরা উভয়ই আলাদা জীবন যাপন করে। তাঁরা আলাদা হয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আলাদা হয়ে গেছেন।”
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মেলানিয়া হোয়াইট হাউজে বসবাস করতেন। তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে মেলানিয়ার অনুপস্থিতি অনেকের নজরে এসেছে।
মাইকেল উলফের এই দাবির পর মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউজের তথ্য পরিচালক স্টিভেন চেউং উলফের এই বক্তব্যকে কঠোরভাবে সমালোচনা করে তাকে ‘বোকা ব্যক্তি’ বলে অভিহিত করেছেন। স্টিভেন চেউং দাবি করেন, উলফের সমস্ত অভিযোগই ‘নির্জলা মিথ্যা ও মনগড়া গল্প’। তিনি মনে করেন, এই ‘আলাদা হয়ে যাওয়ার অভিযোগ’ প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে হেয় প্রতিপন্ন করার একটি চক্রান্ত। স্টিভেন চেউং বলেন, “তিনি একজন উচ্চ মানের মূর্খ এবং তাঁর ট্রাম্প ডিটারজেন্ট মন তাঁকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য করেছে।” উল্লেখ্য, মাইকেল উলফ এর আগেও ট্রাম্পকে নিয়ে বেশ কয়েকটি সমালোচনামূলক বই লিখেছেন, যার মধ্যে ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
এদিকে, মাইকেল উলফের মন্তব্যের কয়েকদিন আগেই ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকাও মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউজে উল্লেখযোগ্য অনুপস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে মেলানিয়া নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি হয়তো হোয়াইট হাউজে নিয়মিত থাকবেন না এবং তাঁর বেশিরভাগ সময় ফ্লোরিডার মার-এ-লাগো এবং নিউ ইয়র্ক সিটিতে কাটাবেন, যেখানে তাঁদের ছেলে ব্যারন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র।
যদিও হোয়াইট হাউজ থেকে মেলানিয়া ট্রাম্পের আলাদা থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট লেডির হোয়াইট হাউসে কম উপস্থিতি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।