Weather: প্রবল গতিতে এগোচ্ছে বর্ষা, বাংলা সহ কোন এলাকায় কবে ? জেনেনিন IMD-র আপডেট

দেশজুড়ে তীব্র গরম আর ভ্যাপসা পরিস্থিতি থেকে শীঘ্রই মুক্তি মিলতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল গতিতে এগিয়ে আসছে এবং নির্ধারিত সময়ের আগেই দেশের বেশ কয়েকটি অংশে বর্ষা প্রবেশের সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা শুরু হয়ে গেছে। এবার মূল ভূখণ্ডে প্রবেশের পালা।

সাধারণত ৪ জুন কেরলে বর্ষার প্রবেশ ঘটে। কিন্তু এবার মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে যে, মে মাসের শেষ সপ্তাহেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হবে। বিশেষ করে ২২ থেকে ২৪ মের মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে এবং ২৫ থেকে ২৭ মে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শুধু কেরল নয়, মে মাসের শেষেই ভারতের আরও বেশ কয়েকটি অংশে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পূ্র্ব ভারতের রাজ্যগুলিও নির্ধারিত সময়ের আগেই বর্ষাকে স্বাগত জানাবে। সাধারণত ৫ জুন উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে। তবে এবার ২৮ মে নাগাদ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের মধ্যে কয়েকটিতে বর্ষা ঢুকে যাবে। গত বছর (২০২৪) উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছিল ৩০ মে। এবছরও আগাম বর্ষা প্রবেশের এই ধারা অব্যাহত থাকবে।

কেরলে যদি নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসে, তবে তার প্রভাবে বাংলাতেও এবার আগাম প্রবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কবে থেকে এ রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবারের আগাম বর্ষা প্রবেশের পেছনে অন্যতম কারণ হলো এল নিনো এবং ইন্ডিয়ান ওশান ডায়াপোলের (IOD) ভূমিকা। সমুদ্রের তাপমাত্রার উপর নির্ভরশীল এই দুটি সিস্টেমের প্রভাবেই কেবল দক্ষিণ পূর্ব কিংবা উত্তর পূর্ব ভারত নয়, সমগ্র দেশেই বর্ষার বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজতে এখন আর বেশি অপেক্ষা করতে হবে না বলেই আশা করা হচ্ছে।