“যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার হিসেব হবে”-ভারতের হাতে মার্ খেয়ে হুঁশিয়ারি শেহবাজ শরিফের

ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন যে, ভারতের ‘গর্বের’ পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে সেগুলিকে কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুকে অসহায় ও নতজানু অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।
বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।” তিনি আরও দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে পরাজিত করে নতজানু করতে সক্ষম হয়েছে।
শেহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ভারতকে তাদের বিমান হামলার জন্য চরম ফল ভোগ করতে হবে। তিনি মন্তব্য করেন, “ওরা হয়তো ভেবেছিল আমরা পিছিয়ে যাব, কিন্তু ভুলে গেছে যে— আমরা সাহসী জাতি।” তিনি এও জানান যে, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ভারতের বাহিনীকে এমন আঘাত দিয়েছে, যা বহু দিনেও মেরামত করা যাবে না।
ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে শেহবাজ শরিফ দাবি করেন, এতে ২৬ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ইর্তিজা আব্বাসও রয়েছে, যার জানাজা পড়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এই হতাহতের সংখ্যা নিয়ে একটি অসংগতিও উঠে এসেছে। শেহবাজ ২৬ জন নিহত হওয়ার কথা জানালেও, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বুধবারের ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ প্রতিশ্রুতি দেন, ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। তিনি বলেন, “ওরা এমন এক কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে নিজেদের শক্তিশালী ভাবে। কিন্তু আমরা প্রমাণ করেছি যে— পাকিস্তান আত্মরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।”
শেহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান আবারও প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি বাহিনী শত্রুর তুলনায় অগ্রগামী। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।” তিনি দৃঢ় কণ্ঠে তার প্রতিশোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “যে রক্ত ঝরেছে, তার প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে।”