বিয়ের আসরে কোটি কোটি টাকার উপহার! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিও মণ্ডপের সাজসজ্জা, বর-কনের পোশাক বা অতিথিদের নাচের জন্য নয়, বরং কনের পরিবারের পক্ষ থেকে বরের পরিবারকে দেওয়া বিপুল পরিমাণ উপহারের কারণেই এটি ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়, যার মধ্যে কিছু মজাদার আবার কিছু অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকে। বিয়ের ভিডিও তো হামেশাই ভাইরাল হয়, বিশেষ করে জয়মালা বা অন্যান্য রীতিনীতির সময় বর-কনে বা অতিথিদের নানা কাণ্ডকারখানার ভিডিও ছড়িয়ে পড়ে। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, কনের পরিবার একে একে বরের পরিবারের হাতে একের পর এক মূল্যবান উপহার তুলে দিচ্ছে।
১৯ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন এই ভিডিওটি। ভিডিও ফুটেজে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান চলছে এবং সেখানে বর-কনে, তাঁদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা উপস্থিত রয়েছেন।
মাইক্রোফোন হাতে একজন ব্যক্তি ঘোষণা করছেন কনের পরিবারের পক্ষ থেকে বরকে কী কী উপহার দেওয়া হচ্ছে। তাঁর ঘোষণা অনুযায়ী উপহারের তালিকায় ছিল তিন কিলোগ্রাম রুপো, একটি পেট্রোল পাম্প এবং ২১০ বিঘা জমি। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ১৫.৬৫ কোটি টাকা।
Sonu Ajmer (@sr_sonu_ajmer_) নামে এক ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির কমেন্ট বক্সে বহু মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এত বিপুল পরিমাণ উপহার পাওয়ার পর বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন ব্যবহারকারী। তাঁর মতে, এই পরিমাণ অর্থ থাকলে কনে নিজেই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেন।
তবে অন্য একজন ব্যবহারকারী স্পষ্ট করেছেন যে, এই উপহারগুলি আসলে ‘ভাত’ রীতির অংশ। এই রীতিতে মামা তাঁর বোনপো বা বোনঝিকে প্রচুর উপহার দিয়ে থাকেন।
ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিলাসবহুল উপহার গ্রহণ করার জন্য অনেকে বরের পরিবারের সমালোচনা করেছেন। আবার অনেকে কনে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কী করতে পারতেন বা বিশ্ব ভ্রমণ করতে পারতেন কিনা, সেই নিয়ে জল্পনা ও হিসেব কষেছেন।