বিশ্ব অর্থনীতিতে ভারতের জয়জয়কার, ২০২৫ এই জাপানকে টপকে চতুর্থ স্থানে, ২০২৮ এ জার্মানিও পিছনে!

বিশ্ব অর্থনীতিতে এখন ভারতই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বৃহৎ অর্থনৈতিক শক্তি। আন্তর্জাতিক অর্থ ভান্ডার (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে আরও ৬ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি পকেটে পুরতে চলেছে ভারত। এই রিপোর্ট নিঃসন্দেহে প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালে জাপানকে টপকে ভারত বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের স্থান পাকা করে নিয়েছে। ভারতের সাধারণ জিডিপি ইতিমধ্যেই ৪ হাজার ১৮৭ বিলিয়ন ডলার ছুঁয়েছে। একই সময়ে জাপানের সাধারণ জিডিপি দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ বিলিয়ন ডলারে। এর ফলে জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

তবে এই সুখবর এখানেই শেষ নয়। আইএমএফ-এর রিপোর্টে আরও আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যের লড়াইয়ে জাপান বড় ধাক্কা খেয়েছে। যার ফলে তাদের অর্থনৈতিক বৃদ্ধি ০.৬ শতাংশে থমকে গেছে এবং ২০২৫ ও ২০২৬ সালের জন্য তা একইরকম থাকতে পারে।

অন্যদিকে, ভারত যে অভূতপূর্ব গতিতে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করছে, তাতে ২০২৮ সালে ভারতের জিডিপি বেড়ে দাঁড়াতে পারে ৫ হাজার ৫৮৪ বিলিয়ন ডলারে। যদি এমনটা ঘটে, তাহলে ২০২৮ সালে জার্মানিকেও টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।

অর্থাৎ, ২০২৫ সালে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতি হওয়ার পর, ২০২৮ সালে জার্মানিকে পিছনে ফেলতে পারলে ভারত আরও একধাপ এগিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। এই অর্থনৈতিক উত্থান বিশ্ব মঞ্চে ভারতের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।