Weather: সন্ধ্যা হলেই শুরু ঝড়-বৃষ্টি, কতদিন চলবে এমনটা ? জেনেনিন কি বলছে হাওয়া অফিস

তীব্র গরমের মধ্যে ক্ষণিকের স্বস্তি, নাকি দুর্ভোগের আশঙ্কা? আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে, সপ্তাহ জুড়েই রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার (আজ) থেকেই এই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে এবং তা আগামী ৮ মে পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির কবলে পড়তে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কোনও কোনও জায়গায় ৫০ কিলোমিটার পর্যন্তও পৌঁছতে পারে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও একইরকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে শুরু হওয়া এই ঝড়বৃষ্টির স্পেল ৮ মে পর্যন্ত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ কোথাও হালকা আবার কোথাও মাঝারি বা ভারি হতে পারে। বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় এই সময়ে সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরনো এবং খোলা জায়গায় বা খোলা ছাদে না থাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

তাপমাত্রার বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে আগামী পাঁচ দিনে দিনের বা রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। অর্থাৎ, ঝড়বৃষ্টি হলেও গরমের তীব্রতা একেবারে কমে যাবে এমনটা নয়। তবে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে দিনের কিছু সময়ে হালকা স্বস্তি মিলতে পারে।

সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়া অস্থির থাকতে পারে। সাধারণ মানুষকে আবহাওয়া দফতরের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।