“দাঁড়িয়ে ছিলাম আর, ঠকঠক কাঁপছিলাম”-নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা গত বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন। বর্তমানে তিনি রূপোলি পর্দা থেকে খানিকটা দূরে থেকে স্বামী, ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং দুই সন্তান ভামিকা ও আকায়কে নিয়ে তাঁর সংসার জীবন নিয়েই বেশি ব্যস্ত। তবে আনুশকার জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে ফের একবার আলোচনায় উঠে এসেছে বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার সময়ের একটি মজার ঘটনা, যা বিরাট নিজেই একসময় শেয়ার করেছিলেন।
ভারতের অন্যতম জনপ্রিয় এবং ফিট ক্রিকেটার বিরাট কোহলি নাকি প্রথম দেখায় অভিনেত্রী আনুশকার সামনে একেবারে হাড়কাঁপুনে নার্ভাস হয়ে গিয়েছিলেন! স্বাভাবিকভাবেই সেই প্রথম সাক্ষাতে ঘাবড়ে গিয়ে তিনি এমন এক উদ্ভট কাণ্ড করে বসেছিলেন, যা হয়তো সে সময় তিনি ভাবেননি যে এই আনুশকাই একদিন তাঁর স্ত্রী হবেন।
২০১৯ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিরাট নিজেই প্রথম বিজ্ঞাপনের শুটিংয়ের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান, যেখানে তিনি আনুশকার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন। বিরাট বলেন, “আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক করে কাঁপছিলাম। এত বড় একজন অভিনেত্রীর সামনে কী ভাবে কথা শুরু করব, ওর লুক দেখে কিছুই বুঝে উঠতে পারছিলাম না।” ঠিক তখনই নার্ভাসনেস কাটাতে গিয়ে অদ্ভুত একটা চেষ্টা করেন বিরাট। তিনি হঠাৎ আনুশকার দিকে তাকিয়ে বলেই ফেলেন— “তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?”
বিরাট ভেবেছিলেন, তার এই কথায় আনুশকা হেসে ফেলবে অথবা পরিস্থিতি হালকা হবে। কিন্তু আনুশকার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি এমন একটা তীক্ষ্ণ গলায় “এক্সকিউজ মি?” বলে উঠেছিলেন যে লজ্জায় কী করবেন বুঝে উঠতে পারছিলেন না বিরাট। তিনি বলেন, সে সময় নিজেকে তার একেবারে গাধা মনে হচ্ছিল।
তবে সেই দিনের প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন ভালোবাসা এবং বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা হয়তো তখন দু’জনের কেউই কল্পনা করেননি।
বিরাট এবং আনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর ইতালির তাস্কানিতে একটি ব্যক্তিগত এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ সংস্কৃতির অংশ এবং ‘বিরুষ্কা’ নামে পরিচিত এই জুটি ভারতের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় সেলিব্রিটি কাপল। ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান কন্যা ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছরই তারা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন, যখন তাদের পুত্রসন্তানের জন্ম হয়। বিরাট-অনুষ্কার পুত্রসন্তানের নাম তারা রেখেছেন আকায়।
আনুশকার জন্মদিনে তাদের এই প্রথম সাক্ষাতের মজার ঘটনাটি ফের একবার নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা ও খুনসুটি চলছে।