“মাধ্যমিকে কীভাবে পেলো ৬৯৬ ?”-সকল পড়ুয়াদের টিপস দিল ফার্স্টবয় আদৃত

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে। এই বছর মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ ধাপে প্রথম স্থান অধিকার করে স্বভাবতই উচ্ছ্বসিত অদৃত। এই সাফল্যের দিনে সে জানিয়েছে তার অনুভূতি, ভবিষ্যতের পরিকল্পনা এবং আগামী পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস।
নিজের এই অসাধারণ সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অদৃত সংবাদমাধ্যমে বলেছেন, “অভাবনীয়! আমি আশা করিনি যে প্রথম হতে পারব। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খুব ভালো করে গাইড করেছেন, নিয়মিত পড়াশোনা করেছি। আমার ভাল ফলের নেপথ্যে বাবা, মা এবং দিদির অবদানও অনেকখানি।” তাদের সাহায্য ছাড়া এই সাফল্য সম্ভব হতো না বলে জানায় সে।
ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে অদৃত জানিয়েছে, সে ডাক্তারি পড়তে চায় এবং ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতিও তার বিশেষ ঝোঁক রয়েছে, যা তার পড়াশোনার বাইরের জগৎকেও সমৃদ্ধ করে।
সাফল্যের মন্ত্র দিলেন মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অদৃত সরকার
আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সমস্ত ছোট ভাইবোনদের জন্য সাফল্যের টিপসও দিয়েছে অদৃত। তার কথায়, “বাঁধা ধরা নিয়মে শুধু রুটিন মেনে পড়াশোনা করলে খুব একটা লাভ হয় না। শুধু সিলেবাস ধরে পড়াশোনা করলেই হবে না, প্রতিটি বিষয় ভালোভাবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে। ভালো ফল করতে হলে বছরের শুরু থেকেই নিয়মিত ও মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি ঠিক সেটাই করতাম। এই ভাবেই সাফল্য আসবে।”
এক নজরে মাধ্যমিক রেজাল্ট ২০২৫
এই বছর মাধ্যমিকে মোট ৯.৮৪ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে। পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in -এ গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখতে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ। ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলেই স্কোরকার্ড দেখা যাবে এবং ডাউনলোডও করা যাবে।
সকাল ১০টা থেকে স্কুল ক্যাম্প অফিস থেকে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি বিষয়ে এবং মোট নম্বরে অন্তত ৩৪% নম্বর পেতে হবে।