র্যাম্পে তারকাদের ‘অশোভন’ আচরণ! ডিজাইনারদের প্রতি অসম্মান, প্রশ্ন তুললেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার

ফ্যাশন শোয়ের র্যাম্পে বলিউড তারকাদের আচরণ নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর ইশিতা মাঙ্গল। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন, ফ্যাশন শো কি এখন তারকাদের “প্রিয়জনকে খুঁজে বের করার” একটি ব্যক্তিগত জায়গায় পরিণত হয়েছে?
ভিডিওটিতে কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন ইশিতা। দেখা যায়, অভিনেতা রণবীর সিং র্যাম্পে হাঁটার সময়ই দীপিকা পাড়ুকোনকে চুমু খাচ্ছেন, সিদ্ধার্থ মালহোত্রা মাঝপথে থেমেই অভিনেত্রী জীনত আমানকে নমস্কার জানাচ্ছেন, আবার নিতাংশি গোয়েল র্যাম্পে হেমা মালিনীর আশীর্বাদ নিচ্ছেন। র্যাম্প হাঁটার সময় তারকাদের এই ধরনের আচরণকে ইশিতা ‘অশোভন’ এবং ‘ডিজাইনারদের প্রতি চরম অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন।
তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি এসব দেখে খুবই বিরক্ত। এটা একটা ফ্যাশন শো, কোনো গানের অনুষ্ঠান নয়।” র্যাম্পের মাঝখানে হঠাৎ কারও পা ছোঁয়া, গল্প করা—এসব কি এখন স্বাভাবিক হয়ে উঠেছে? তার মতে, সংস্কৃতি বা মূল্যবোধ প্রদর্শনের প্রয়োজন হলে তা শো শুরু হওয়ার আগে বা পরে করা উচিত, র্যাম্পে নয়।
ইশিতা আরও যুক্তি দেন যে, ডিজাইনাররা এই শোগুলোর পেছনে প্রচুর অর্থ এবং শ্রম বিনিয়োগ করেন। স্টাইলিস্ট, কোরিওগ্রাফার, মডেল এবং মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাই খুব tight schedule-এ কাজ করেন। এমন পরিস্থিতিতে একজন সেলেব্রিটি র্যাম্পে গিয়ে যদি নিজের খেয়ালখুশি মতো আচরণ করেন, তাহলে তা কেবল ডিজাইনারের ভাবনা ও কাজের প্রতি অসম্মানই নয়, এটি সবার মূল্যবান সময়ও নষ্ট করে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমরা আমাদের অভিনেতাদের ভালোবাসি, তাদের তারকাখ্যাতিও আমরা মেনে নিই। কিন্তু ফ্যাশন শোয়ের আসল তারকা হলেন ডিজাইনার।” তার মতে, এই ধরনের ‘attention-seeking behaviour’ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তিনি তুলনা করে বলেছেন, যেমনটা কোনো সিনেমার দৃশ্যের মাঝে হঠাৎ করে কারো পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া হয় না, ঠিক তেমনই র্যাম্প ওয়াকও একবারে সম্পন্ন করার মতো বিষয়—সেখানে এই আচরণ সম্পূর্ণ অপ্রয়োজনীয়।
ইশিতা মাঙ্গলের এই ভিডিও বলিউড তারকাদের র্যাম্পে হাঁটার সময় তাদের পেশাদারিত্ব এবং ফ্যাশন শোয়ের মূল উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।