মোদিকে কটাক্ষ করে ‘গায়েব’ পোস্টার! চাপে পড়তেই পোস্ট ডিলিট কংগ্রেসের

সম্প্রতি কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো পোশাক পরা একটি মুণ্ডুহীন ব্যক্তির ছবি পোস্ট করে প্রবল সমালোচনার মুখে পড়েছে। ছবিটিতে কোনও মুখ বা সুস্পষ্ট অবয়ব ছিল না, তবে পোশাক ও জুতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচিত স্টাইলের সঙ্গে মানানসই ছিল। ছবিটির উপরে লেখা ছিল ‘গায়েব’ অর্থাৎ ‘নিখোঁজ’ বা ‘নেই’।
কংগ্রেসের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা সরাসরি কংগ্রেসকে ভারতের শত্রুদের পক্ষ নেওয়ার অভিযোগ এনে ‘লস্কর এ পাকিস্তান কংগ্রেস’ বলে কটাক্ষ করে। এই পোস্টটি নিয়ে শুধু ভারতেই নয়, পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ আহমেদ হুসেন চৌধুরীও ব্যঙ্গ করেন। নেট দুনিয়ায়ও এই পোস্টের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে কটাক্ষ করেই মূলত এই ছবিটি পোস্ট করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সম্ভবত এর মাধ্যমে বোঝানো হচ্ছিল যে দেশের প্রয়োজনের সময়ে প্রধানমন্ত্রী ‘উপস্থিত নেই’। ছবিতে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না থাকলেও ক্যাপশনে লেখা ছিল ‘দায়িত্বের সময় উধাও।’ এর আগে কংগ্রেস একাধিকবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে পহেলগাঁও হামলার মতো স্পর্শকাতর পরিস্থিতির আবহে এই ধরনের কটাক্ষমূলক পোস্ট নিয়ে দলের অন্দরেও ভিন্নমত তৈরি হয়।
প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কংগ্রেস এই বিতর্কিত পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়। সূত্রের খবর, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান সুপ্রিয়া শ্রীনাতকে দলের শীর্ষ নেতৃত্ব পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন এবং দলীয় লাইনের বাইরে গিয়ে এই ধরনের পোস্ট করার জন্য তাকে ভর্ৎসনাও করা হয়েছে। দলীয় নেতৃত্ব মনে করেছেন, যখন পহেলগাঁও হামলার পর দল ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছে, তখন এই ধরনের পোস্ট জনগণের কাছে ভুল বার্তা দেবে এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে।
যদিও কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জানান, প্রধানমন্ত্রী সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেও বিহারে জনসভায় ভাষণ দিতে যান, কিন্তু সর্বদল বৈঠকে যোগ দেওয়ার সময় তার ছিল না। এর প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র গৌরভ ভাটিয়া কংগ্রেসকে ‘মিরজাফরদের মঞ্চ’ বলে আক্রমণ করেন এবং এই স্পর্শকাতর সময়ে কংগ্রেস দেশকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন।