সুদীপ্তার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ ইমন, ‘লক্ষ্মীলাভ’ করলেন কী গায়িকা?

বাংলা টেলিভিশনে নন-ফিকশন শোয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে সান বাংলায় সম্প্রচারিত ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় শুরু হওয়া এই শোয়ের প্রথম সিজনের সাফল্যের পর বর্তমানে চলছে দ্বিতীয় সিজন, যা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে। এবার এই জনপ্রিয় শোয়ের সিজন ২-এর মাসিক ফিনালে পর্বটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী এবং অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী।
উল্লেখ্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শোয়ের শ্রুতিমধুর এবং উৎসাহব্যঞ্জক টাইটেল ট্র্যাকটি গেয়েছেন স্বয়ং ইমন চক্রবর্তী। তাই শোয়ের মাসিক ফিনালেতে আসতে পেরে স্বাভাবিকভাবেই তিনি খুব আনন্দিত। শোয়ের সেটে এসে নিজের অনুভূতি ব্যক্ত করে ইমন বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। এখানে উপস্থিত লক্ষ্মীদের (প্রতিযোগী) লড়াই-এর গল্প শুনে আমিও সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এখানে এত মা লক্ষ্মীদের একসঙ্গে পেলাম, এটাই আমার লক্ষ্মীলাভ-করার মতো বিষয়। এই শো-এর টাইটেল ট্র্যাকও আমি গেয়েছি। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টা।”
সিজন ২-এর এই মাসিক ফিনালে পর্বটি খেলা, হাসি আর মজার নানা অনুষঙ্গে ভরপুর থাকবে। গেমের চ্যালেঞ্জের পাশাপাশি এখানে উঠে আসে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মহিলাদের জীবন সংগ্রাম এবং তাদের স্বপ্নপূরণের অদম্য ইচ্ছার গল্প। এবার সেইসব হৃদয়স্পর্শী গল্প সরাসরি শুনবেন বিশেষ অতিথি ইমন চক্রবর্তীও। তবে তিনি কোনো প্রতিযোগী হিসেবে নয়, এই বিশেষ পর্বে একজন অতিথি তারকা হিসেবে হাজির হবেন।
এই বিশেষ মাসিক ফিনালের বিজয়িনী পাবেন ২ লাখ টাকার নগদ পুরস্কার। জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তীকে বিশেষ অতিথি হিসেবে নিয়ে এই জমজমাট পর্বটি সান বাংলায় সম্প্রচারিত হবে আগামী বুধবার, ৩০ এপ্রিল, ঠিক সন্ধ্যে ৬ টায়।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শুধু একটি গেম শো নয়, নির্মাতাদের দাবি এটি সাধারণ মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটি প্ল্যাটফর্ম, যা তাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও বাড়িয়ে তোলে। শোয়ে চারটে আকর্ষণীয় রাউন্ডে খেলা হয়, প্রতি রাউন্ডে থাকে নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন মহিলা প্রতিযোগী অংশ নেন, তবে কাউকেই সাধারণত খালি হাতে ফিরতে হয় না, কিছু না কিছু পুরস্কার তারা পান। সিজন ২-তে যোগ হয়েছে নতুন কিছু মজার খেলাও। গোটা শো-টির দারুণভাবে সঞ্চালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
নির্মাতারা জানিয়েছেন, দর্শকদের বিপুল চাহিদার জন্য এবারের সিজন ২ সাত মাস ধরে চলবে। মাঝে মাঝে সাধারণ মহিলাদের পাশাপাশি তারকারাও এই শোয়ে অতিথি হিসেবে খেলতে আসেন। তারকারা জেতা টাকা নিজেদের কাছে না রেখে সেই টাকায় একটি ‘লক্ষ্মী ব্যাঙ্ক’ তৈরি হয়েছে, যা সমাজসেবামূলক বা অন্য কাজে ব্যবহৃত হয়। ইমন চক্রবর্তীকে অতিথি হিসেবে পেয়ে মাসিক ফিনালের পর্বটি যে আরও বেশি আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক হবে, তা সহজেই অনুমেয়। ৩০শে এপ্রিল সন্ধ্যে ৬টায় সান বাংলায় চোখ রাখুন এই বিশেষ পর্ব দেখতে।