OMG! বিয়ে বাড়িতে পনির নিয়ে ঝগড়া, মিনিবাস দিয়ে অতিথিদের পিষলেন আমন্ত্রিত ব্যক্তি!

উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় এক বিয়েবাড়িতে ঘটে গেল এক অবিশ্বাস্য এবং মর্মান্তিক কাণ্ড। পাঁচটা সাধারণ বিয়েবাড়ির মতোই সানাই, ডিজে আর অতিথি অভ্যাগতদের ভিড়ে জমজমাট ছিল পরিবেশ, কিন্তু আচমকা সেই আনন্দ বদলে গেল আতঙ্কে। বিয়ের ভোজে তাঁর পছন্দের পনির ছিল না, এই তুচ্ছ এবং অদ্ভুত কারণে ক্ষুব্ধ এক আমন্ত্রিত অতিথি সটান একটি মিনিবাস চালিয়ে ঢুকে পড়লেন অনুষ্ঠানস্থলে। বাসের ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন অতিথি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিয়ের আয়োজনের।
ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মুঘলসরাই কোতোয়ালি এলাকার হামিদপুর গ্রামে গত শনিবার। সেদিন ছিল রাজনাথ যাদবের মেয়ের বিয়ে। বিয়ের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল। একদিকে সানাইয়ের সুর, অন্যদিকে ডিজে-র তালে নাচ, নব দম্পতিকে আর্শীবাদ জানাতে হাজির ছিলেন অসংখ্য অতিথি অভ্যাগত। কেউ বসে বিয়ের অনুষ্ঠান দেখছিলেন, তো কেউ খাবার স্টলে বিভিন্ন পদ চেখে দেখছিলেন।
সবকিছু ঠিকঠাকই চলছিল, এমন সময় আচমকা অনুষ্ঠানস্থলে ঢুকে এল আস্ত একটি মিনিবাস। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাসটা ধাক্কা মারতে শুরু করল অতিথিদের। বিকট শব্দে ভেঙে পড়ল প্যান্ডেলের একাংশ। মুহূর্তের মধ্যে প্রাণ বাঁচাতে শুরু করেন উপস্থিত অতিথিদের ছোটাছুটি ও দৌড়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি কোনো জঙ্গি হামলা বা নিছক দুর্ঘটনা ছিল না, মাত্র কয়েক কুচি পনিরের জন্য এমনই কাণ্ড ঘটিয়েছেন বিয়ের বাড়ির এক আমন্ত্রিত অতিথি।
অভিযুক্তের নাম ধর্মেন্দ্র যাদব। তিনি বিয়ের ভোজে পনির না পেয়ে চরম ক্ষুব্ধ হয়েছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধর্মেন্দ্র বিয়ের অনুষ্ঠানে এসেই সোজা খাবার স্টলের দিকে চলে যান। সেখানে খাবার মেনু দেখেই তিনি রেগে যান। পনির নিয়ে সেখানে উপস্থিত অন্যদের সঙ্গে কথা কাটাকাটি এবং হুজ্জুতি শুরু করে দেন। উপস্থিত অথিতিরা তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে তিনি সেখান থেকে চলে যান। কিন্ত কিছুক্ষণ পর একটি মিনিবাস নিয়ে এসে বিয়ের মণ্ডপে তাণ্ডব শুরু করেন।
এই ঘটনায় মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয় জন। আহতদের মধ্যে বরের বাবা এবং কনের কাকা-সহ বেশ কয়েকজন রয়েছেন। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিয়ের আয়োজনের তিন লাখ টাকারও বেশি জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়। শুধুমাত্র পনিরের মতো একটি সাধারণ বিষয় নিয়ে এমন চরম হিংসাত্মক ঘটনা পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ধর্মেন্দ্র যাদবের খোঁজ চালাচ্ছে।