জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান বাংলাদেশি অভিনেত্রী? পাশাপাশি প্রাক্তনকে নিয়েও বললেন নায়িকা

বাংলাদেশের পরিচিত মুখ অভিনেত্রী জয়িতা আশরাফ। পর্দায় তাঁর সাবলীল অভিনয় যেমন দর্শকের মন জয় করেছে, তেমনই তাঁর ব্যক্তিত্বও আলাদা করে নজর কেড়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়িতা তাঁর ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপট আলোচনা করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তিনি কেমন পুরুষকে পাশে পেতে চান।
বাংলাদেশের চ্যানেল আই এন্টারটেনমেন্টকে দেওয়া সাক্ষাৎকারে জয়িতার কাছে জানতে চাওয়া হয় কেমন জীবনসঙ্গী তিনি কামনা করেন। উত্তরে এই অভিনেত্রী বলেন, “আমি এমন একজন সঙ্গী চাই যিনি আমার থেকেও বেশি আমার ক্যারিয়ারকে গুরুত্ব দেবেন। যিনি আমাকে ভালোবাসবেন, সময় দেবেন এবং আমার পেশাকে নিজের পেশা মনে করে কখনও আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবেন না।”
জীবনসঙ্গীর আয় বা চেহারা নিয়ে তাঁর খুব বেশি ভাবনা নেই বলেও জানান জয়িতা। তাঁর কথায়, “তাঁর যে অনেক টাকা থাকতে হবে এমনটা নয়, বা তথাকথিতভাবে সুদর্শন হতে হবে সেটাও জরুরি নয়। আমার কাছে একজন মানুষের মনের দিক থেকে ভালো হওয়া বা একজন নারীকে সম্মান করতে পারাটাই আসল। মেয়েরা আসলে সম্মান, আস্থা আর বিশ্বাসই চায় সম্পর্কের মধ্যে।”
জয়িতা আরও স্পষ্ট করে বলেন, তিনি সম্পর্কের শুরুতেই তাঁর জীবনসঙ্গীর সঙ্গে নিজের কাজ এবং কাজের প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে বিস্তারিত কথা বলে নিতে চান। তিনি জানান, এই পেশায় আজকের জায়গায় পৌঁছাতে তিনি একা নন, তাঁর বাবা-মায়ের, বিশেষ করে মায়ের অনেক ত্যাগ ও পরিশ্রম রয়েছে। বহু বছরের অক্লান্ত চেষ্টা এবং নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এসে তিনি আজ এই স্থানে দাঁড়িয়ে।
তবে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় শুরুতে একজন মানুষ যেমন থাকেন, সময়ের সাথে সাথে তাঁর মধ্যে পরিবর্তন আসে। এমনটা হলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, এই প্রশ্নের জবাবে জয়িতা বলেন, “আমি প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করব। আমার কঠিন সময়ের কথাগুলো তার সঙ্গে ভাগ করে নেব। যদি তিনি সত্যিকার অর্থেই একজন ভালো মনের মানুষ হন, তাহলে আমি আশা করব যে তিনি আমার দিকটা বুঝবেন। একজন ক্যারিয়ার গড়ে তোলা যে সহজ নয়, এটা তাঁরও উপলব্ধি থাকবে। তবে যদি তাতেও তিনি না বোঝেন, তাহলে আমি নিজে কিছুটা সময় নেব, তাকেও একটু ভাবনা-চিন্তার জন্য সময় দেব। এরপরও যদি বোঝাপড়া না হয়, তবে আমার মনে হয় আলাদা থাকাই শ্রেয়।”
নিজের প্রাক্তন প্রেমিক প্রসঙ্গেও মুখ খুলেছেন জয়িতা। তিনি বলেন, “তিনি মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। নিজের ক্যারিয়ার ও পরিবার নিয়ে খুবই সিরিয়াস ছিলেন। একজন পুরুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার তার সবই তার মধ্যে ছিল। কিন্তু আমাদের মধ্যে আসল জিনিসটাই ছিল না – বোঝাপড়া। একটি সম্পর্কে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন।” তিনি জানান, সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যখন সহ্যের সীমা অতিক্রম করে যায়, তখন তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।