শয়তানি কমছে না পাকিস্তানের! রাত বাড়লেই নিয়ন্ত্রণ রেখায় শোনা যাচ্ছে গুলির শব্দ, পাল্টা জবাব ভারতের

সীমান্তে পাকিস্তানের অপতৎপরতা কমছে না। ফের জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা। এই নিয়ে পরপর দুইদিন সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ল পাকিস্তান। ভারতীয় সেনাও এর যোগ্য জবাব দিয়ে পাল্টা গুলি চালিয়েছে।
সেনা সূত্রে খবর, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে গুলি চালনার ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনাও তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার তরফে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাতেও একই ভাবে ভারতীয় পোস্ট লক্ষ্য করে রাতের অন্ধকারে গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা। সেই সময়ও ভারতীয় সেনাবাহিনী এর পাল্টা জবাব দিয়েছিল। সেনা সূত্রের দাবি, পাকিস্তান একটি নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই গুলি চালাচ্ছে। এর মাধ্যমে ভারতীয় সেনাদের সীমান্ত প্রস্তুতি ও সতর্কতা যাচাই করার চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো ১৯৬০ সালের সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়া, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা এবং ভারতে থাকা পাকিস্তানি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া। ভারতের এমন কঠোর অবস্থানের পর পাকিস্তানের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া এবং পাল্টা কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পহেলগাঁও ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি ঘিরে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং কার্যত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর শক্তি বাড়ানো হয়েছে। বায়ুসেনা এবং নৌসেনাও তাদের প্রস্তুতি মহড়া জোরদার করেছে। এমন উত্তেজনার আবহের মধ্যেই পাকিস্তান লাগাতার সীমান্ত বরাবর উসকানিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।