পাকিস্তানের পতনের শুরু! শীঘ্রই ভারতে আসছে ২৬টি Rafale বিমান, বড় পদক্ষেপ কেন্দ্রের

ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে ফ্রান্সের সঙ্গে একটি বহু প্রতীক্ষিত চুক্তি। আগামী সোমবার, ২৮ এপ্রিল, ভারত এবং ফ্রান্সের মধ্যে ২৬টি অত্যাধুনিক রাফাল-এম (Rafale-M) যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তিতে সই হতে চলেছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে Government-to-Government (G2G) পদ্ধতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যদিও চুক্তিটি সম্পূর্ণ ‘রিমোটলি’ বা ভার্চুয়াল মাধ্যমে স্বাক্ষরিত হবে, তবুও সোমবার দিল্লিতে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ভারতের প্রতিরক্ষা সচিব উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তার সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে সুবিধাজনক কোনো সময়ে তিনি ভারতে আসবেন বলে জানানো হয়েছে।

এই চুক্তির ফলে ভারতীয় বিমান বাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এর আগেও ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জেট কিনেছে, তবে এবারের ২৬টি বিমান হল ‘মেরিটাইম ভার্সন’ বা রাফাল-এম। এই যুদ্ধবিমানগুলি বিশেষভাবে বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন এবং সেখানে অবতরণে সক্ষম। এর ফলে সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে, বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে নৌবাহিনীর শক্তি বাড়বে।

বিশ্লেষকদের মতে, এই প্রতিরক্ষা চুক্তি ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিরক্ষা সচিব এবং ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে সোমবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর জন্য এই যুদ্ধবিমানগুলি কেনার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সাম্প্রতিক পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারকেই তুলে ধরে।