দেশপ্রেম নিয়ে প্রশ্ন, বন্ধু নাদিমকে আমন্ত্রণ নিয়ে সমালোচনার মুখে গর্জে উঠলেন ‘নীরজ’, বাদ যায়নি নীরজের পরিবারও !

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ‘নীরজ চোপড়া ক্লাসিক 2025’ অ্যাথলেটিক্স টুর্নামেন্টের জন্য পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। যদিও আরশাদ নাদিম নিজেই জানিয়েছেন যে, আসন্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কারণে তিনি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না এবং পহেলগাঁও ঘটনার সঙ্গে তাঁর এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরও বন্ধু নাদিমকে আমন্ত্রণ জানানোর কারণেই ‘সোনার ছেলে’ নীরজকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে।
একজন পাকিস্তানি অ্যাথলিটকে কেন আমন্ত্রণ জানানো হলো, সেই প্রশ্ন তুলে সরাসরি আক্রমণ করা হয় জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়াকে। শুধু মৌখিক আক্রমণ নয়, তথাকথিত নীতি পুলিশদের এই আক্রমণ থেকে বাদ যায়নি নীরজের পরিবারও। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম অলিম্পিক্স পদক এনে দেওয়া এই অ্যাথলিটের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় তিনি যারপরনাই ব্যথিত। এই পরিস্থিতিতে আর চুপ থাকতে পারেননি পানিপথের ছেলে নীরজ চোপড়া। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পরিবারের উপর আক্রমণ দেখে তিনি গর্জে উঠেছেন।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে নীরজ এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, “আমি সাধারণত খুব কম কথা বলি, তবে এর মানে এই নয় যে ভুল দেখে মুখ বুজে থাকব। বিশেষ করে যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।” তিনি স্পষ্ট করে দিতে চান যে, আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো ছিল “একজন অ্যাথলিটের প্রতি আরেকজন অ্যাথলিটের নিছক সৌজন্য, এর বেশিও কিছু নয়, কমও কিছু নয়।” এনসি ক্লাসিকের উদ্দেশ্য হলো ভারতের মাটিতে বিশ্বমানের স্পোর্টিং ইভেন্টের আয়োজন করা এবং তার জন্য বিশ্বমানের অ্যাথলিটদের আমন্ত্রণ জানানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সকল অ্যাথলিটদের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল পহেলগাঁওয়ের ভয়াবহ ঘটনার মাত্র দু’দিন আগেই।
নীরজ আরও জানান যে, সমগ্র দেশের মতো তিনিও পহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কাশ্মীরে যা হয়েছে তাতে তিনি নিজে মর্মাহত এবং একইসঙ্গে ক্ষুব্ধও। তাঁর কাছে যে দেশই অগ্রাধিকার এবং পহেলগাঁও ঘটনার পর আরশাদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আর কোনও প্রশ্নই ছিল না, তাও তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া এই অ্যাথলিট বলেন, তিনি বহু বছর ধরে দেশের সম্মান কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কোনো কারণ ছাড়াই তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে দেখে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ। আমাদের তার বাইরে কিছু হতে বাধ্য করবেন না।” সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে মনগড়া কথা লেখার অভিযোগ তুলে নীরজ বলেন, তিনি বেশি কথা বলেন না বলেই যে সেগুলো সব সত্যি হয়ে যাবে, এমনটা নয়।
আগামী ২৪ মে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ‘নীরজ চোপড়া ক্লাসিক 2025’ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে অ্যান্ডারসন পিটার্স, জুলিয়াস ইয়েগো, থমাস রোহলারের মতো বিশ্বজুড়ে স্বনামধন্য অ্যাথলিটদের অংশ নেওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে নীরজকে নিয়ে এই অপ্রীতিকর বিতর্ক দুর্ভাগ্যজনক।