গ্রেপ্তার সমাজকর্মী মেধা পাটেকর, পুরোনো মামলায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা

সমাজকর্মী মেধা পাটেকরকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার দায়ের করা একটি মানহানির মামলায় আদালত থেকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দু’দিন পরেই শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যম সূত্রে খবর, মেধা পাটেকরকে শুক্রবার সকালে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। একটি আদালত অবমাননার মামলায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা মেধা পাটেকরের বিরুদ্ধে এই মানহানির মামলাটি করেছিলেন।
জানা গেছে, মেধা পাটেকরকে আদালতে ব্যক্তিগত হাজিরা এবং নির্দিষ্ট শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী জামিন বন্ড জমা দিতে তিনি ব্যর্থ হওয়ায় আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরেই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এই মানহানির মামলাটি প্রায় দুই দশক পুরোনো। ভি কে সাক্সেনা যখন একটি এনজিও-র প্রধান ছিলেন, তখন মেধা পাটেকর তার বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন, যা মানহানিকর বলে অভিযোগ ওঠে। সেই সূত্রেই এই মামলা দায়ের হয়েছিল।