মাধ্যমিকের রেজাল্ট কবে? অবশেষে জানা গেল তারিখ

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী ৩০শে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে বলে পর্ষদ সূত্রে খবর। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৬৮ দিনের মাথায় ফল প্রকাশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশ দ্রুত। তবে এই ফল প্রকাশের নির্দিষ্ট দিনটিতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় ফল প্রকাশ নিয়ে সামান্য অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২শে ফেব্রুয়ারি। প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, যা গত বছরের পরীক্ষার্থীর সংখ্যা থেকে প্রায় ৬২ হাজার বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের এক রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজে যুক্ত ছিলেন। এই রায়ের পর থেকেই নির্ধারিত সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে শিক্ষক মহল এবং বিভিন্ন স্তরে গুঞ্জন শুরু হয়।
এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তখন তিনি আশ্বস্ত করেছিলেন যে, যথাসময়েই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, ৩০শে এপ্রিল ফল প্রকাশ করার জন্য তারা প্রস্তুত। যদি ওই দিন ফল প্রকাশিত হয়, তাহলে বিগত দুই বছরের তুলনায় কম সময়েই ফল হাতে পাবে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২৪ সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ২রা মে, যা পরীক্ষা শেষের ৮১ দিনের মাথায় হয়েছিল। ২০২৩ সালে ফল প্রকাশ হয়েছিল ৭৬ দিনের মাথায় (১৯শে মে)। তবে ৩০শে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকার কারণে ওইদিন ফল প্রকাশিত হবে কিনা, সে বিষয়ে এখনও পর্ষদের পক্ষ থেকে চূড়ান্ত নিশ্চয়তা দেওয়া হয়নি, তবে প্রস্তুতি রয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।