Weather: ভ্যাপসা গরমের মাঝে স্বস্তি, ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

বৈশাখের তীব্র গরমে কার্যত কাহিল কলকাতা শহর। বুধবার সকাল থেকেই অস্বস্তিকর এবং ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। রাজ্যজুড়ে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে এই পরিস্থিতি থেকে দ্রুতই খানিকটা স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তবে ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
আজ বুধবার (২৪ এপ্রিল) থেকে ২৯ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে এখানেও বইতে পারে দমকা হাওয়া।
তাপপ্রবাহের সতর্কতা
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোথাও কোথাও তাপপ্রবাহ চলতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম অনুভূত হবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরবর্তী ২ দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আগামী ২ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কলকাতায় কত তাপমাত্রা?
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং ন্যূনতম ৫৪ শতাংশের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে।