ধোনির মতো ফিনিশার নন পন্থ, ওর জায়গা মিডিল অর্ডারে, সাফ জানালেন চেতশ্বর পূজারা

ঋষভ পন্থ হয়তো এমএস ধোনির মতো একজন ফিনিশার হতে চাইছেন, কিন্তু ব্যাটিং অর্ডারের শেষ ধাপ তাঁর জায়গা নয়, বরং মিডল অর্ডারেই তিনি বেশি স্বচ্ছন্দ। চলমান আইপিএলে ঋষভ পন্থের ধারাবাহিক অফ-ফর্ম এবং তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে এমনই স্পষ্ট মতামত দিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
উল্লেখ্য, চলতি আইপিএলে ঋষভ পন্থ ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন, বড় রান আসছে না। এর ফলে ধাপে ধাপে তাঁর ব্যাটিং পজিশন পিছিয়েছে এবং এখন তিনি ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নামছেন। ২৭ কোটি টাকার বিশাল প্রাইস ট্যাগ কি তাঁর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে? নাকি অধিনায়কত্বের চাপেই ব্যাটসম্যান ঋষভ ক্রমশ ধুঁকতে শুরু করেছেন? এই প্রশ্নগুলি ক্রিকেট মহলের বিভিন্ন স্তরে জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এই পরিস্থিতিতে ঋষভের পাশে দাঁড়িয়ে তাঁকে মূল্যবান পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পূজারা, যিনি লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার একজন অত্যন্ত বিশ্বস্ত সৈনিক। পন্থের সাদা বলের ক্রিকেটে ফর্মের ওঠানামা বিশ্লেষণ করতে গিয়ে তিনি ব্যাটিং অর্ডারের বিষয়টি সামনে এনেছেন। পূজারা বলেছেন, “এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঋষভের উচিত আরও আগে ব্যাট করতে নামা। ও ধোনির মতো খেলতে চাইছে, হতে চাইছে ফিনিশার। কিন্তু সত্যি বলতে, ধোনির ধারেকাছেও নেই ঋষভ। ওর মিডল অর্ডারে খেলা জরুরি, বিশেষ করে ৬ থেকে ১৫ ওভারের মধ্যে। পন্থ ফিনিশার নয়। তাই ফিনিশারের ভূমিকা পালন করা তাঁর জন্য সঠিক কাজ নয়।”
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ঋষভ সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। তিনি মাত্র দুটি বল খেলে শূন্য রানে মুকেশ কুমারের বলে ক্লিন বোল্ড হয়ে যান। একটি অদ্ভুত শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেট হারান।
এরপরই প্রশ্ন আরও জোরালো হয়েছে—কেন ২৭ কোটি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কেনার পরেও দলের অধিনায়ক এত পরে ব্যাট করতে নামছেন? কেন তাঁর আগে অনভিজ্ঞ আয়ুষ বাদোনি কিংবা আবদুল সামাদের মতো খেলোয়াড়দের পাঠানো হচ্ছে? দিল্লি ম্যাচে বাদোনি কিছুটা রান পেলেও, সামাদ আট বলে মাত্র দু’রান করেই আউট হন।
এই প্রসঙ্গে পূজারা অকপটভাবে তাঁর মতামত জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, “বাদোনির চার বা পাঁচ নম্বরে নামা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে একটা যুক্তি দেখতে পাই। কারণ এই মুহূর্তে ঋষভের চাইতে বাদোনি বেশি রান করবে। এমনকি আবদুল সামাদ, ডেভিড মিলারের মতো খেলোয়াড়রাও এখন ঋষভের চাইতে ভালো ফর্মে আছে।” তিনি আরও যোগ করেছেন, “যেটা দেখে খারাপ লাগে, সেটা এই যে, পন্থ দলের অধিনায়ক। ব্যাটিং অর্ডারে ক্রমশ পরে নামতে থাকলে এক সময় ঘুরে দাঁড়ানো প্রয়োজন। ঋষভ এভাবে অন্য দিকে সরে গেলে দলের জন্য অসুবিধা হবে।” পূজারার মতে, পন্থের উচিত ব্যাটিং অর্ডারে উপরে এসে দলের দায়িত্ব নেওয়া এবং নিজের স্বাভাবিক খেলা খেলা।