হিট গান, ভাইরাল ছবি, ওটিটিতেও সাফল্য… তবু বক্স অফিসে চরম ব্যর্থ তামান্নার ‘ওডেলা ২’,

গেল কয়েক বছরে বলিউড এবং ওটিটিতে বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন তামান্না ভাটিয়া। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিভিন্ন সময় তাঁর ছবি ভাইরাল হয়, আর তাঁর অভিনীত গান মুক্তি পেলেই তাতে ভিউয়ের বন্যা বয়ে যায়। কিন্তু জনপ্রিয়তার এই তুঙ্গে থেকেও এবার তাঁকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ। তাঁর অভিনীত নতুন ছবি ‘ওডেলা ২’ বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ১৭ এপ্রিল মুক্তি পাওয়া অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ ছবিটি বক্স অফিসে একেবারেই সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। মুক্তির মাত্র তিন দিনের মাথায় ছবিটির পারফর্ম্যান্স অত্যন্ত হতাশাজনক। কোইমোই সহ একাধিক ট্রেড ওয়েবসাইট এবং গণমাধ্যমের রিপোর্ট বলছে, প্রথম তিন দিনে ‘ওডেলা ২’-এর মোট আয় দাঁড়িয়েছে মাত্র ২.১ কোটি টাকায়। যা সিনেমাটির মোট বাজেটের মাত্র ৮.৪ শতাংশ। মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ ১৯শে এপ্রিল ছবিটি আয় করেছে মাত্র ৫৪ লাখ টাকা, যা এই তিন দিনের মধ্যে সর্বনিম্ন।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ছবিটি চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের জন্যও একটি বড় ধাক্কা। কেন ছবিটি দর্শকদের টানতে পারল না, সেই নিয়েও বিশ্লেষণ চলছে। মনে করা হচ্ছে, ছবিটির ট্রেলার প্রকাশের পরই এর মান ও গল্প নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেটাই কাল হয়েছে। বর্তমান ‘সিনেমার বিপ্লবের’ যুগে এমন পুরাতন গল্প এবং আমেজের সিনেমা যে দর্শক টানতে পারবে না, সেই আভাস নাকি তখনই মিলেছিল। মুক্তির পর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ছবিটির আয়ে বিশেষ কোনো উন্নতি হবে বলে মনে করছেন না বাণিজ্য বিশ্লেষকরা।

সব মিলিয়ে, ব্যক্তিগত এবং সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার বিচারে তামান্না ভাটিয়া এগিয়ে থাকলেও, ‘ওডেলা ২’ ছবির বক্স অফিস পারফর্ম্যান্স প্রমাণ করল যে কেবল তারকার উপস্থিতিই একটি ছবিকে সাফল্য এনে দিতে যথেষ্ট নয়। সিনেমার মান এবং গল্প দর্শকদের কাছে গ্রহণযোগ্য না হলে জনপ্রিয় তারকাও মুখ থুবড়ে পড়তে পারেন বক্স অফিসে।