ভুয়ো নার্সিং ট্রেনিংয়ের ফাঁদ! প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল চক্র, গ্রেফতার ৩ যুবক

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের আড়ালে গ্রামীণ মহিলাদের লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের তিনতলায় ঘর ভাড়া নিয়ে ওই নার্সিং ট্রেনিং সেন্টারটি চালু করা হয়েছিল। অভিযোগ, সেন্টারটির কোনো সরকারি অনুমোদন ছিল না। নার্সিং পেশায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারকরা প্রত্যেক গ্রাম্য মহিলার কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়।
শুধু তাই নয়, ট্রেনিং দেওয়ার বদলে মহিলাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রির জন্য চাপ দিত অভিযুক্তরা। এমনকি অভিযোগ উঠেছে যে, সংস্থার কয়েকজন সদস্য প্রতারিত মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং কুপ্রস্তাবও দিত। এইসব ঘটনায় মহিলাদের মনে সন্দেহ হলে লক্ষ্মী রাজবংশী নামে এক মহিলা গঙ্গারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তিন যুবক কৃষ্ণকান্ত মণ্ডল, অসীম কুমার জানা এবং পবিত্র জানাকে গ্রেফতার করে।
রবিবার ধৃত তিন যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে পুলিশ ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রে আর কারা জড়িত আছে, তা জানার চেষ্টা করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।