বিউটি পার্লারে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী! পণ না পাওয়ায় চরম পদক্ষেপ উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের হারদৌয়ে ঘটে যাওয়া একটি ঘটনায় স্ত্রীর সৌন্দর্যচর্চা করতে যাওয়াকে কেন্দ্র করে চরম পরিণতি ডেকে আনলেন স্বামী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্ত্রী বিউটি পার্লারে গিয়েছিলেন শুধু ভুরু তোলার জন্য। কিন্তু আচমকাই সেখানে হাজির হন তাঁর স্বামী। কোনও কথা না বাড়িয়ে, হাতে কাঁচি নিয়ে সরাসরি স্ত্রীর পিছনে গিয়ে দাঁড়ান তিনি। এরপর রাগের বশে স্ত্রীর লম্বা বিনুনি কেটে ফেলেন মুহূর্তের মধ্যে। এই ঘটনায় গুরুতর অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা।

তরুণীর বাবা রাধাকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, বছর খানেক আগে তাঁর মেয়ের সাথে রামপ্রতাপের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। অভিযোগ, রামপ্রতাপ ও তাঁর পরিবার পণ হিসেবে রেফ্রিজারেটর, ফ্যান ও কুলার দাবি করতে শুরু করে এবং পণ না পাওয়ায় তরুণীর উপর শারীরিক নির্যাতনও চালায়।

রাধাকৃষ্ণের অভিযোগ, পণ না দেওয়ায় প্রতিশোধ নিতেই রামপ্রতাপ বিউটি পার্লারে গিয়ে তাঁর মেয়ের বিনুনি কেটে দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রামপ্রতাপকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, রামপ্রতাপ নাকি স্ত্রীর সাজগোজ একেবারেই পছন্দ করতেন না। বিউটি পার্লারে যাওয়া নিয়েও তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। নিষেধ সত্ত্বেও স্ত্রী পার্লারে যাওয়ায় ক্ষুব্ধ রামপ্রতাপ রাগের বশে এই কাজ করে বসেন বলে মনে করা হচ্ছে। স্ত্রীর চুলের উপর এমন নির্মম আক্রোশ স্তম্ভিত করেছে সকলকে।