Weather: বাংলার ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন কি বলছে হাওয়া অফিস

ভ্যাপসা গরম থেকে অবশেষে খানিকটা রেহাই পেলেন বঙ্গবাসী। শুক্রবারের বৃষ্টির পর শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এমনকি, কিছু এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্তও ছুঁতে পারে। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২১ এপ্রিলও দক্ষিণের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস থেকে বাদ যায়নি। আজ, শনিবার থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং-এর বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বৃষ্টির এই পূর্বাভাস একদিকে যেমন গরম থেকে স্বস্তি দেবে, তেমনই অন্যদিকে ঝড়বৃষ্টির কারণে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রার পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে, এর পরবর্তী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও।

শনিবার কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৬২ শতাংশ রেকর্ড করা হতে পারে।

বৃষ্টির এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাবধানে থাকার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে।